২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প দূর্গতদের পাশে দাঁড়াতে একতাবদ্ধ ক্রিকেট বিশ্ব

শনিবারের ভয়াবহ ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্তভারত ও পাকিস্তানের নাগরিকদের পাশে দাঁড়াতে ক্রিকেট দুনিয়া এক হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দূর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করার জন্য একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

এসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানান, ক্রিকেট ম্যাচটির ভেন্যু ও তারিখ সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহে জানানো হবে।

পাকিস্তান ও ইংল্যান্ড ইতোমধ্যে জানিয়েছে, লাহোরের ১০ ডিসেম্বরের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের পুরো ম্যাচ ফি আর্থকোয়াক রিলিফ ফান্ডে প্রদান করবে।

পাশাপাশি গেটমানি থেকে আসা সমুদয় অর্থও ওই ফান্ডে প্রদান করা হবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক আব্বাস জাইদি বলেন, এটা একটি মহৎ উদ্যোগ। পিসিবি দূর্গতদের দুঃখ ভাগ করে নিতে চায়।

তিনি বলেন, ভূমিকম্পের কারণে ইংল্যান্ডের আসন্ন সফর ক্ষতিগ্রস্ত হবে না। উপরন্তু, ভূমিকম্পের দূর্গতদের সাহায্যার্থে গঠিত ফান্ডের জন্য তহবিল গঠন করতে উভয় দলই আগ্রহী।

এসিসি’র ম্যাচ পরিকল্পনা সম্পর্কে ডালমিয়া সাংবাদিকদের বলেন, টেস্ট খেলুড়ে দেশগুলোর পূর্বনির্ধারিত খেলাগুলোর দিক বিবেচনা করেই ম্যাচটির ভেন্যু ও তারিখ নির্ধারিত হবে।

তিনি বলেন, ম্যাচের আয়ের সমুদয় অর্থ ভূমিকম্পের দূর্গতদের তহবিলে প্রদান করা হবে। খেলার সবকিছু চূড়ান্ত হওয়ার পর ম্যাচটির অফিসিয়াল মর্যাদা আদায় করতে আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরনাপন্ন হব।

শনিবারের ভূমিকম্পে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে আইসিসি মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় আইসিসি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শনিবারের ভূমিকম্পে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে কমপক্ষে ৩৩,০০০ জন লোক নিহত হয়েছে। অপরদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে মৃতের সংখ্যা ১,৩০০ জন।