আফগানিস্তানে জঙ্গি হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সোমবার রাতে জঙ্গি হামলায় শীর্ষ একজনসহ ১৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরের সত্যতা স্বীকার করেছে।
দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশে সোমবার রাতে পুলিশ কর্মকর্তাদের উপর হামলার পর সারাদিন পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আরও চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসুফ স্তানিজাই জানান, নিহতদের মধ্যে হেলমন্দ প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা আমানুল্লাহ খান রয়েছেন। হামলার জন্য তিনি বহিষ্কৃত তালেবান সরকারের অনুসারীদের দায়ী করেন।
হামলায় জঙ্গিদের হতাহত অথবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন কিছু জানা যায়নি।
