পকিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য ইউনিসেফের ২ কোটি ডলার সাহায্যের আবেদন
পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর বেঁচে থাকা শিশু এবং পরিবারগুলোকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ইউনিসেফ দুই কোটি ডলার প্রদানের আবেদন জানিয়েছে।
পাকিস্তানের উত্তরাঞ্চলের শহর মানসেরায় ইউনিসেফ ট্রাক ভর্তি তাঁবু, শিশুদের কাপড়, পানির পাত্র ও প্লাস্টিকের ত্রিপল পাঠানোর পর এই আবেদন জানায়। করাচি থেকে আরেকটি গাড়ীর বহর পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি, শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য, সাবান, প্রয়োজনীয় আবাসিক সামগ্রী, শিশুদের জুতা, সোয়েটারসহ অন্যান্য দ্রব্যাদি নিয়ে উপদ্রুত এলাকায় গিয়ে পৌঁছেছে।
নিউইর্য়কে ইউনিসেফের নির্বাহী পরিচালক এনএম ভেনিমেন বলেন, সামনের দিনগুলোতে জরুরিভিত্তিতে শিশুদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গুরুত্ব দিতে হবে। সবকিছু হারানো শিশু ও তাদের পরিবারের জন্য প্রয়োজন স্বাস্থ্য সেবা, পরিষ্কার পানি, পুষ্টিকর খাদ্য, কাপড়-চোপড় এবং আশ্রয়।
ইউনিসেফ তার আঞ্চলিক অফিস থেকে পাকিস্তানে আরও সাহায্য সামগ্রী ও লোকবল বৃদ্ধি করছে, পাকিস্তান সরকার এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে পাকিস্তানের অগ্রবর্তী সার্জিকেল টিমের কাছে প্রয়োজনীয় দ্রব্য ও রসদ সরবরাহ প্রেরণে সহায়তা করছে ইউনিসেফ। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
