২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে এক সপ্তাহের জন্য ভিসামুক্ত রাষ্ট্র ঘোষণা

পাকিস্তানকে এক সপ্তাহের জন্য ভিসামুক্ত রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকার্যে যোগদানের জন্য বিদেশি দলগুলোকে সহায়তা প্রদানের জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) অতিরিক্ত মহাপরিচালক তারিখ খোসা বলেন, পাকিস্তানের এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা আমাদের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অথবা যারা তাদের পরিবার বা আত্মীয় স্বজনদের দেখতে চান তাদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খোসা বলেন, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং চাকলা বিমানঘাঁটিতে এফআইএ কর্মকর্তারা আগত বিদেশি যাত্রীদের সহায়তা দেওয়ার জন্য উপস্থিত থাকবেন যাতে সফরকারীদের কোনও বিড়ম্বনা বা ঝামেলা পোহাতে না হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সকল দর্শনার্থীকে এক সপ্তাহ থাকার অনুমতি দেওয়া হবে। তবে অনুরোধে তা বাড়ানো যাবে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ইসলামাবাদ আন্তর্জাতিক সাহায্যের আবেদনের পর ৪৫টি বিদেশি বিমান ত্রাণ সামগ্রী নিয়ে পাকিস্তানে অবতরণ করেছে। ত্রাণসামগ্রী ও অর্থ সাহায্য ছাড়াও যুক্তরাজ্য, চীন এবং জাপানসহ অনেক দেশ ভূমিকম্পের ধ্বংসস্তূপে জীবিতদের অনুসন্ধান করতে বিশেষ যন্ত্রপাতি, উদ্বারকর্মী ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।