গুয়াতেমালার দুর্গতদের সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ
গ্রীষ্মমণ্ডলীয় স্টান ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জাতিসংঘ ২২ মিলিয়ন ডলারের সহায়তার আবেদন জানিয়েছে।
গুয়াতেমালায় এখন পর্যন্ত ৬৫০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঝড়ে আরও অনেকেই নিখোঁজ রয়েছে।
মধ্য আমেরিকার বিভিন্ন দেশে আরও কমপক্ষে ১০০ জন লোক মারা গিয়েছে। এর মধ্যে গুয়াতেমালায় ৬৫২জন, এল সালভাদরে ৭১ জন, মেক্সিকোতে ১৭ জন, নিকারাগুয়াতে ১০ জন, হন্ডুরাসে ৪ জন এবং কোস্টারিকায় ২ জন মারা গিয়েছে।
জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে খাদ্য, পানি, আশ্রয় এবং স্যানিটেশন সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হবে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট অস্কার বার্জার বলেছেন, ঝড়ের কারণে এক লাখ ৩০ হাজার লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
৯০ হাজারেরও বেশি লোক সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
গুয়াতেমালার ভাইস প্রেসিডেন্ট এডোয়ার্ডো স্টেইন বলেছেন, ভূমিধসের কারণে বিচ্ছিন্ন কমপক্ষে ৯০টি গ্রামে উদ্ধার কর্মীরা এখনও পৌঁছাতে সক্ষম হয়নি।
কমপক্ষে এক হাজার ৪০০ জন লোক ভূমিধসে চাপা পড়েছে বলে আশংকা করা হচ্ছে।
কলম্বিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মধ্য আমেরিকা ও মেক্সিকোর দুর্গতদের সাহায্যার্থে তারা সেখানে খাদ্য, কম্বল ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী পাঠাবে।
