পাকিস্তানের ভূমিকম্প আক্রান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন কন্ডোলিসা রাইস
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার মধ্য এশিয়া সফরের সময় তিনি পাকিস্তানের ভূমিকম্প আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন।
রাইস বলেন, পাকিস্তানের জনগণকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, আমেরিকার জনগণ তাদের বিপদে পাশে দাঁড়াবে।
গত বছর ডিসেম্বরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সুনামির আঘাত এবং নিজভূমে হ্যারিকেন ক্যাটরিনার প্রলয়ঙ্করী তাণ্ডবের সময় ধীর গতির ত্রাণ ও উদ্ধার কাজের জন্য বুশ প্রশাসন বেশ সমালোচিত হয়েছে। পাকিস্তানে ভূমিকম্প কবলিতদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্র জরুরিভিত্তিতে সামরিক যানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
