মায়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার পার্লামেন্টারিয়ানরা
মায়ানমার সামরিক জান্তাকে গণতান্ত্রিক সংস্কারে বাধ্য করতে জাতিসংঘকে চাপ সৃষ্টি করার সুপারিশ করেছে দক্ষিণপূর্ব এশিয়ার একটি পার্লামেন্টারিয়ান গ্রুপ।
থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের তিন আইনপ্রণেতা সাংবাদিক সম্মেলনে বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার ১০ জাতির সংগঠন আসিয়ান সদস্যরা বাইরের কোনও হস্তক্ষেপ ছাড়া মায়ানমারে কোনও পরিবর্তন আনতে সক্ষম হয়নি। তাই যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন, জাপান, চীন, ভারত, রাশিয়া এবং আসিয়ান দেশগুলোর উচিত মায়ানমারের জন্য একটি গণতান্ত্রিক রূপরেখা তৈরী করে তার বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করা।
প্রায় একশ’ পার্লামেন্ট সদস্যের প্রতিনিধিত্বকারী এ তিনজন সদস্য বলেন, মায়ানমারে গণতন্ত্র চর্চা এবং সামরিক জান্তাকে চাপ সৃষ্টির জন্য জাতিসংঘের মহাসচিব কফি আনানের নেতৃত্বে কোনও উদ্যোগ সবচেয়ে বেশি কার্যকরী হবে।
জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহীম গাম্বারির সাথে পার্লামেন্টারি দল সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্র গত জুনে মায়ানমারে রাজনৈতিক দমন-নিপীড়িন বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল কিন্তু রাশিয়া, চীন এবং আলজেরিয়া এর বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়ন মায়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এশিয়ান দেশগুলো বিরত রয়েছে।
মায়ানমারে অস্থিতিশীল পরিবেশ, শরণার্থী সমস্যা এবং মাদক চোরাকারবারীর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতে পড়ায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো উদ্বিগ্ন। মায়ানমার ছাড়াও আসিয়ানের অন্যান্য সদস্যরা হচ্ছে: ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
