ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ পৌঁছতে শুরু করেছে, যৌথ উদ্ধার তৎপরতার সম্ভাবনা নাকচ করেছে ইসলামাবাদ
ভূমিকম্পের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় পাকিস্তান ও ভারতের উপদ্রুত শহরে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছতে শুরু করেছে। তবে বিতর্কিত কাশ্মিরের উপদ্রুত এলাকায় যৌথ উদ্ধার তৎপরতা চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ।
শনিবার দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে রিক্টার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। ভূমিকম্পে মৃতের সংখ্যা শেষপর্যন্ত কততে গিয়ে পৌঁছবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিভিন্ন বার্তাসংস্থার তথ্য থেকে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে কর্তৃপক্ষের কাছ ত্রাণ ও উদ্ধার সহযোগিতা থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় বেঁচে যাওয়া লোকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে তারা তাজ্জব বনে গিয়েছিলেন। তবে ত্রাণ তৎপরতায় এখন গতি ফিরে এসেছে।
পাকিস্তানের অনেক প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের আহ্বানে তাঁবু, কম্বল এবং হেলিকপ্টার সহায়তা দিতে শুরু করেছে। তবে আরও সহায়তা প্রয়োজন বলে পাকিস্তানের তথ্যমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ত্রাণ তৎপরতার জন্য ৫০ মিলিয়ন ডলার ও কুয়েত ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান থেকে ইতোমধ্যে আটটি মার্কিন হেলিকপ্টার পাকিস্তানে পৌঁছেছে।
পাকিস্তান বলেছে, তারা ভারতের নিকট থেকে ত্রাণ সহায়তা নিতে রাজি আছে। তবে বিতর্কিত কাশ্মিরের উপদ্রুত এলাকায় যৌথ উদ্ধার তৎপরতা চালানোর সম্ভাবনা ইসলামাবাদ নাকচ করে দিয়েছে।
জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়ক জ্যান ইজিল্যান্ড বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার সমন্বয় করতে পাকিস্তান জাতিসংঘকে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুর্গতদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে সরকার সাধ্যমত চেষ্টা করছে। তবে ভূমিকম্পের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
ভূমিকম্পে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে কমপক্ষে ১৭ হাজার, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে কমপক্ষে এক হাজার ৬০০ জন, ইসলামাবাদে ২৫ জন এবং ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে কমপক্ষে ৯৫০ জনের প্রাণহানির নিশ্চিত খবর পাওয়া গেছে।
ইতোমধ্যে কিছু ত্রাণ সহায়তা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরবাদ ও উত্তর-পশ্চিম সীমান্ত শহর বালাকোটে পৌঁছেছে।
