অচলাবস্থা নিরসনে জার্মানীর দুই নেতার বৈঠক
জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার এবং বিরোধী রক্ষণশীল নেতা এঞ্জেলা মার্কেল দেশের নেতৃত্ব নিয়ে সৃষ্ট অচলাবস্থা দূর করতে বৈঠকে বসবেন।
উভয় নেতাই নতুন জোট সরকার গঠনে চ্যান্সেলর পদের জন্য দাবী জানালে এ অচলাবস্থার সৃষ্টি হয়। এ পর্যন্ত বৃহৎ দুটি দলই তাদের নেতা-কর্মীদের নিয়ে তিন দফা বৈঠক করেন। এবারের বৈঠকে তারা সমঝোতা চুক্তি করবেন বলে ধারণা করা হচ্ছে।
সাধারণ নির্বাচনের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আগামীতে জার্মানীর নেতৃত্বের বিষয়টি অনিশ্চিয়তার মধ্যে রয়েছে।
বৃহস্পতি ও রোববার রাতে অল্প কয়েকজন দলীয় নেতাদের নিয়ে সোশাল ডেমোক্র্যাট দলের শ্রোয়েডার এবং তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে দুই দলের প্রধানকে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে। তবে সিদ্ধান্ত গৃহীত হলেও দীর্ঘ এবং বিস্তৃত সমঝোতার ভিত্তিতে তাদেরকে আগামী সরকারি নীতি নির্ধারণ করতে হবে।
এদিকে সমালোচকরা রক্ষণশীল এবং সোশাল ডেমোক্র্যাটদের বিশাল জোট সরকারের ভবিষ্যত নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন।
