স্টান ঝড়ে আক্রান্ত গুয়াতেমালার গ্রামগুলো এখন গণকবর
স্টান ঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে আক্রান্ত মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করেছে। ভূমিধসে মৃত্যুবরণকারীদের আর উদ্ধার করা সম্ভব হবে না-এমন সম্ভাবনা থেকে তারা উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়।
উদ্ধার তৎপরতা দলের একজন মুখপাত্র জানান, আমরা আজ উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছি। এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে। অনেক ক্ষেত্রেই কাজ করা বিপজ্জনক হয়ে পড়েছে। আমরা আর প্রাণহানির ঝুঁকি নিতে পারি না।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় স্টান আঘাত হানার পরবর্তী সময়ে গুয়াতেমালায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এছাড়া আরও অনেকেই নিখোঁজ রয়েছে।
মধ্য আমেরিকার বিভিন্ন দেশ ও মেক্সিকোতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে।
গুয়াতেমালার ভাইস প্রেসিডেন্ট এডোয়ার্ডো স্টেইন জানান, ভূমিধসের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এমন কমপক্ষে ৯০টি গ্রামে উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি।
ভূমিধসের কারণে কমপক্ষে বিভিন্ন গ্রামের ১,৪০০ জন লোক মাটিচাপা পড়েছে বলে অনেকে আশংকা করছে।
পানাবাজের মেয়র ডিয়েগো এস্কুইনা জানান, গ্রামগুলোকে কবরস্থান ঘোষণা করতে আমরা আহ্বান জানিয়েছি। আমরা ক্লান্ত। কোথায় খনন করতে হবে আমাদের তা জানা নেই।
তিনি আরও জানান, মৃতদেহগুলো এমনভাবে পচে গেছে যে, তা শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। এর ফলে বিভিন্ন রোগের জন্ম হতে পারে।
পানাজাব থেকে এখন পর্যন্ত ৭৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ২৫০ জন নিখোঁজ রয়েছে বলে মেয়র এস্কুইনা উল্লেখ করেন।
স্টান ঝড়ে গুয়াতেমালা ছাড়াও এল সালভাদর, মেক্সিকো, নিকারাগুয়া, হন্ডুরাস, কোস্টারিকায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
দমকল বাহিনীর সদস্য ম্যাক্স চিকুইটো জানান, কাদা যেখানে ঘন সেখানেই লোকজন বেশি আটকা রয়েছে। আর বিপদের আশংকা থাকায় সেখানে আমরা মাটি খুঁড়তে পারিনি।
কলম্বিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মধ্য আমেরিকা ও মেক্সিকোর দুর্গতদের সাহায্যার্থে তারা খাদ্য, কম্বল ও চিকিৎসা সরঞ্জাম পাঠাবে।
