২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সদস্য অপহৃত

সশস্ত্র বিদ্রোহীরা সুদানের অস্থিতিশীল অঞ্চল দারফুর থেকে আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনীর ১৮জন সদস্যকে অপহরণ করেছে। অবশ্য পরবর্তীতে তাদের অনেককেই মুক্তি দিয়েছে বলে আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 10:21 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তবে মুক্তিপ্রাপ্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও অপহৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

এইউ জানায়, অপহৃতদের মধ্যে পুলিশ, সামরিক পর্যবেক্ষক, একজন মার্কিন প্রতিনিধি এবং বিদ্রোহীদের একজন প্রতিনিধি রয়েছে।

এইউ’র মুখপাত্র নুরেদ্দিন মেজনি জানান, অপহরণকারীরা দারফুরে বিদ্রোহী সংগঠন জাস্টিস অ্যান্ড ইকুয়্যালিটি মুভমেন্টের (জেম) সদস্য বলে ধারনা করা হচ্ছে।

খার্তুমে মুখপাত্র মেজনি বলেন, সুদান ও চাদের সীমান্তবর্তী শহর টিনাতে বেশ কয়েকজন অপহৃতকে মুক্তি দেওয়া হয়।

শনিবার দুই এইউ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও দুই বেসামরিক ঠিকাদারকে হত্যা করা হয়। এছাড়া রোববার শান্তিরক্ষী বাহিনীর অপর এক সদস্য আহত হয়। দু’টি হামলার জন্য সুদানের প্রধান বিদ্রোহী দল সুদান লিবারেশন আর্মিকে দায়ী করা হচ্ছে।

দারফুরে ২০০৩ সালে সহিংসতা শুরু হওয়ার পর কমপক্ষে ১৮০,০০০ জন লোক নিহত হয়েছে। এছাড়া আরও ২০ লাখ লোক গৃহহীন হয়েছে।

সরকারি বাহিনী ও অআরব বাহিনীদের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি পর্যবেক্ষণ করতে দারফুরে মোতায়েনকৃত এইউ’র ছয় হাজার শান্তিরক্ষী বাহিনীর সদস্যের মধ্যে এই প্রথমবারের মত কোন সদস্যের প্রাণহানির ঘটনা ঘটলো।