২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডের নির্বাচনে টাস্ক এগিয়ে

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে মুক্তবাজার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডোনাল্ড টাস্ক কিছুটা এগিয়ে আছেন। কিন্তু জয়ের জন্য শতকরা ৫০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন থাকলেও কোন প্রতিদ্বন্দ্বী তা না পাওয়ায় আগামী দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 09:58 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ডানপন্থী প্রতিদ্বন্দ্বী লেচ কাজিনস্কির শতকরা ৩৩ দশমিক ৩ শতাং ভোট পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড টাস্ক পেয়েছেন শতকরা ৩৫ দশমিক ৮ শতাংশ ভোট। বাকি দশজন প্রতিদ্বন্দ্বী এ দু’জনের তুলনায় বিশাল ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেচ ওয়ালেসা বলেন, পোল্যান্ডবাসী সংস্কারের জন্য অযথা সময় নষ্ট করছে।

৪৮ বছর বয়স্ক টাস্ক বলেন, নির্বাচনের এ ফলাফলে তিনি আনন্দিত এবং গর্বিত।

কাজিনস্কি আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দ্বিতীয় দফার নির্বাচন থেকে বাদ পড়ে যাওয়া প্রার্থীদের ভোটগুলো এ দু’প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। নির্বাচনে শতকরা ১৫ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জনকারী আন্দ্রেজ লেপারের ভোটগুলো কাজিনস্কির পক্ষেই যাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন।

কাজিনস্কিও রক্ষণশীল ক্যাথোলিক এবং জাতীয়তাবাদীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে টাস্কের শক্ত অবস্থানের কারণে আধুনিক ও মুক্তবাদীদের সমর্থন পাওয়ার সম্ভবনা রয়েছে।

এদিকে টাস্কের সিভিক প্ল্যাটফর্ম এবং কাজিনস্কির ল’ অ্যান্ড জাস্টিস পার্টি সংসদে জোট গঠনের জন্য সমঝোতা প্রক্রিয়া শুরু করেছেন।

ল’ অ্যান্ড জাস্টিস ১৫৫টি আসন এবং সিভিক প্ল্যাটফর্ম ১৩৩টি আসনে জয়লাভ করেছে। ইতোমধ্যে স্বল্প পরিচিত কাজিমিরজ মারসিনকুইজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

সমালোচকরা বলছেন, কাজিনস্কির যমজ ভাই জারোস্লোর স্থলে মারসিনকুইজকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।

কাজিনস্কি এবং টাস্ক উভয়েই মুক্ত বাজার অর্থনীতির পক্ষে থাকলেও কাজিনস্কি ক্যাথোলিক এবং পারিবারিক মূল্যবোধের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

কাজিনস্কি কমিউনিজমে বিশ্বাসী বর্তমান সরকারের সমালোচনা করে দুর্নীতির অভিযোগ করেন।

দ্বিতীয় দফার নির্বাচনে জয়ী হলে তিনি পোল্যান্ডকে একটি নতুন রিপাবলিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরপর দু’বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকায় বর্তমান প্রেসিডেন্ট, সাবেক কমিউনিস্ট আলেকজান্ডার কোয়ানিস্কি সে দেশের সংবিধান অনুযায়ী আর নির্বাচন করতে পারবেন না। পোল্যান্ডে রাষ্ট্রপতির চেয়ে প্রধানমন্ত্রী বেশি ক্ষমতাবান হলেও পররাষ্ট্রনীতিতে তার ভূমিকা কম।

টাস্ক বলেন, তিনি নির্বাচিত হলে রাষ্ট্রপতির ক্ষমতাকে কার্যকরভাবে ব্যবহার করবেন।