২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ভূমিকম্প দুর্গতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে

পাকিস্তানে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহতদের উদ্ধারের জন্য উদ্ধার কর্মীরা জোর তৎপরতা চালাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 09:20 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা কেবল পাকিস্তানেই বিশ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

প্রায় ধ্বংসপ্রাপ্ত হিমালয়ের শহরটিতে আহতদের শালে জড়িয়ে রাস্তায় শুইয়ে রাখা হয়েছে। ভূমিকম্পে গুড়িয়ে যাওয়া বাড়িঘর ও স্কুলগুলো থেকে আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধার কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পে শহরের ইসলামাবাদ পাবলিক স্কুলটি একদম ধ্বংস হয়ে গেছে। সরকারি সেনারা নাকে-মুখে সাদা কাপড় বেঁধে ধ্বংসপ্রাপ্ত থেকে একটি ছোট বালিকার মৃতদেহ উদ্ধার করতে দেখা যায়।

জাতিসংঘ বলেছে, রিক্টার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ লাখ লোকের আশ্রয় দরকার। কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান রিলিফ কার্যালয় জানিয়েছে, আহতদের জন্য ২০০,০০০ শীতকালীন তাবু দরকার।

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেশ মোশাররফ ত্রাণ কর্মী, খাদ্য ও চিকিৎসা সহযোগিতা দিতে হেলিকপ্টারের ঘাটতির কথা উল্লেখ করেছেন এবং তিনি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন।

মোশাররফ বলেন, দূরবর্তী অঞ্চলে সড়ক যোগাযোগ ভাল না হওয়ায় হেলিকপ্টার ছাড়া সেখানে পৌঁছা সম্ভব নয়। তবে আমাদের হেলিকপ্টারের সংখ্যা সীমিত। আরও বেশি কার্গো হেলিকপ্টার দরকার।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, মার্কিন সেনাবাহিনীর আটটি দল উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে পাকিস্তান যাবে। তিনি পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

চির বৈরী ভারত ও ইসরাইল পাকিস্তানকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা ইতোমধ্যে জানিয়েছে।

পাকিস্তান জানিয়েছে, মৃতের সংখ্যা বিশ হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে হবে। অপরদিকে ভারত এ পর্যন্ত ৬০০ লোকের প্রাণহানির কথা জানিয়েছে। আফগানিস্তানেও চার ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট মোশাররফ বলেন, আমাদের জনশক্তি রয়েছে। তবে অর্থনৈতিক সহায়তা দরকার। তিনি পাকিস্তানকে চিকিৎসা সেবা ও তাবু দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শওকত আজিজ জানিয়েছেন, ভূমিকম্পে আহতের সংখ্যা কমপক্ষে ৪৩ হাজার।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরবাদে কমপক্ষে ১১,০০০ জন নিহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী আফতাব খান শেরপাও জানিয়েছেন।