গুয়েতেমালায় স্টানের আঘাতে মৃতের সংখ্যা ৫০৮ এ উন্নীত
মধ্য আমেরিকা এবং দক্ষিণ মেক্সিকোতে আঘাত হানার পর ক্রান্তীয় ঝড় স্টানের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে গুয়েতেমালা। সেখানে ঝড়ে কমপক্ষে ৫০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া এল সালভাদরসহ মধ্য আমেরিকায় মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৬১০ জনে উন্নীত হতে পারে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বড় আঘাতটি হয়েছে গুয়েতেমালায়।
ভূমিধস এবং বন্যায় নিখোঁজ শত শত লোকজনকে উদ্ধারকর্মীরা খুঁজছে। সেখানকার কয়েকটি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়েছে।
সপ্তাহ জুড়ে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
গুয়েতেমালার সবচে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে লেক আটিটলানে ঘন ঘন ভূমিধ্বসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
গুয়েতেমালার প্রেসিডেন্ট অস্কার বার্গার দেশটির কংগ্রেসকে জরুরী অবস্থা জারি করার আহ্বান জানান।
পুরো অঞ্চলে অসংখ্য মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ লাখ মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার ক্যাটাগরি ১ মাত্রায় স্টান দক্ষিণ মেক্সিকোতে আঘাত হানে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ত ফক্স দক্ষিণের শিয়াপাস অঞ্চল পরিদর্শন করেন। বন্যায় শিয়াপাসের তাপাচুলা শহর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টানের আঘাতে মেক্সিকোতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। সেখানে কমপক্ষে ৩০টি নদীর পাঁড় ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়েছে।
এল সালভাদরে কমপক্ষে ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ৫৪ হাজার মানুষ ৩৭০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
