২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, পাকিস্তান ও কাশ্মিরে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে

ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

রিক্টার স্কেলে ৭ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। পরপরই ভারত ও পাকিস্তানেও প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কাশ্মিরে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এ পর্যন্ত ২০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৫ জন ভারতীয় সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে। ভারতের কাশ্মিরে আহতের সংখ্যা কমপক্ষে ৬০০। পাকিস্তানের পেশোয়ারে ১৪০ জন, মোজাফফরবাদে ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আফগানিস্তানের চরবাগ ও চাপলিয়া থেকেও হতাহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি স্কুলে আটকা পড়ে ছয় শিশু আহত ও একজন নিহত হয়েছে।

ভারত সরকার ভূমিকম্পে নিহতদের পরিবার প্রতি এক হাজার রুপি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। দুর্গতদের জন্য তাঁবু, কম্বল, ওষুধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমিকম্প কবলিত এলাকায় বিদ্যুৎ ও খাবার পানি এবং যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। হাসাপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল ও বাড়তি সময় দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ত্রাণ ও অন্যান্য সহযোগিতার ব্যাপারে সেনাবাহিনী নামানো হয়েছে।

উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে সরকারের পাশাপশি জাতিসংঘসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

ভূমিকম্পে ধসে পড়া বাড়িগুলোর নিচে চাপা পড়া কয়েক শ’ লোককে উদ্ধারের তৎপরতা চলছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে।

পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভূমিকম্প কবলিত এলাকা সফর করেছেন। তিনি বলেন, ভূমিকম্প জাতির জন্য একটি পরীক্ষা। প্রেসিডেন্ট মোশাররফের মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান বলেছেন, মৃতের সংখ্যা অনেক বেশি হবে এবং তা এক হাজার ছাড়িয়ে যাবে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পর্যবেক্ষণ কেন্দ্র ও সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, শুক্রবার সকালে (০৩৫০ জিএমটি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৯৫ কিলোমিটার উত্তর ও পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়।

আরও বেশি তথ্য ও বিশ্লেষণ পাবার পর ভূমিকম্পটির মাত্রা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে সংস্থাটি জানিয়েছে।

এদিকে ভারতীয় সরকারি আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতে রিক্টার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি পাকিস্তানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, কাশ্মির এবং আফগানিস্তানের বিভিন্ন অংশে অনুভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের খবর শুনে রাজধানী ইসলামাবাদ ও উত্তরাঞ্চলীয় শহর লাহোরে ভীতসন্ত্রস্ত পথচারিরা রাস্তায় দৌঁড়াদৌঁড়ি শুরু করে। ভূমিকম্প পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল বলে তারা জানান।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে স্থানীয় সময় সকাল ০৯২৫টায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের কোয়েটা ও আফগানিস্তানের রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়।