২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান অবরোধ মোকাবেলায় সক্ষম : গার্ডিয়ান কাউন্সিল

ইরানের একজন শীর্ষ ডানপন্থি ধর্মীয় নেতা বলেছেন, পারমাণবিক কর্মসূচির জন্য যে সম্ভাব্য অবরোধের সম্মুখীন হতে হবে, তা মোকাবেলা করতে ইরান সক্ষম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 10:55 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এদিকে ইরানের শান্তিপূর্ণ ও বেসামরিক পারমাণবিক কর্মসূচির সমর্থনে রাজধানী তেহরানসহ সারাদেশে শুক্রবার হাজার হাজার ইরানি মিছিল করেছে।

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) ও সংস্থাটির প্রধান মোহাম্মদ এলবারাদির চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয় সম্পর্কে ইরানের সরকারি কর্মকর্তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ইরানের পারমাণবিক কর্মসূচি তিন বছর ধরে পরিদর্শণ করা আইএইএ’র শান্তিতে নোবেল বিজয়কে রাজনৈতিক বিবেচনাধীন বলে আখ্যায়িত করেছেন।

ইরানের শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ্ আহমদ জান্নাতি তেহরান বিশ্ববিদ্যালয়ে শুক্রবারের বলেন, পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ইরান পশ্চিমা বিশ্বের চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

জান্নাতি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বৈধ অধিকারের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যতটা দূর্বল মনে করে, আমরা ততটা দূর্বল নই।

ইরানের দাবি, তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরিই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত, কোন বোমা তৈরিতে নয়। কিন্তু ওয়াশিংটন ও ইইউ বিষয়টিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করতে চায়।

ইরানের পারমাণবিক ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হলে, দেশটির অতীতের পারমাণবিক কর্মসূচির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুরোপুরি উন্মুক্ত না করার অভিযোগে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হতে পারে।

জান্নাতি বলেন, অবরোধ দুর্দশা চাপিয়ে দেয় এবং এর জন্য আমাদের সংগ্রাম করতে হবে। তবে অবরোধ আরোপের ফলে শেষ পর্যন্ত আমাদের ক্ষতির চেয়ে উপকারই বেশি হবে।

জান্নাতি বলেন, অবরোধের কারণে আমরা কোন কিছুই হারাইনি।

তেহরানের সেন্ট্রাল স্কয়ারে প্রায় এক হাজার লোক শুক্রবারের জুম্মার নামাজে সমবেত হয়ে ‘পারমাণবিক শক্তি অর্জন আমাদের বৈধ অধিকার’, ‘আমেরিকান নিপাত যাক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেয়।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে সরকারি পৃষ্ঠপোষকতায় মিছিল সমাবেশেরও খবর পাওয়া গেছে।