আফ্রিকার অনুপ্রবেশকারীদের দুর্দশায় জাতিসংঘের উদ্বেগ
মরক্কো থেকে স্পেনে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে আফ্রিকার অনুপ্রবেশকারীদের চরম দুর্দশার ঘটনায় জাতিসংঘ মহাসচিব কফি আনান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কফি আনানের মুখপাত্র জানান, মানবিক দিক বিবেচনা করে সেখানকার পরিস্থিতি মোকাবেলা করতে তিনি মরক্কো ও স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরিস্থিতি পরিদর্শণের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ মরক্কোয় তাদের দল পাঠাচ্ছে।
এক বিবৃতিতে আনানের মুখপাত্র বলেন, সিউটা ও মেলিলা ছিটমহল ব্যবহার করে অনুপ্রবেশকারীদের মরক্কো থেকে স্পেনে প্রবেশের ঘটনা ও তার সাথে সম্পর্কিত পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, আনান বিশ্বাস করেন, এই মর্মান্তিক ঘটনা এটাই প্রকাশ করে যে, মানুষের সীমান্ত অতিক্রমের প্রবাহ মোকাবেলায় সমস্যা রয়েছে।
সাহায্য সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স শুক্রবার জানিয়েছে, মরক্কোর পুলিশরা পাঁচশ’রও বেশি লোককে কোন খাবার বা পানি ছাড়াই সাহারার মরুভূমিতে ফেলে গেছে। তাদের অনেককেই স্পেনের পুলিশ অবৈধভাবে বহিষ্কার করেছে।
ইতোমধ্যে স্পেনে অনুপ্রবেশকারীদের মরক্কোর কাছে হস্তান্তরে স্পেনের সিদ্ধান্তে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে।
মরক্কো ও স্পেনের মধ্যে ১৯৯২ সালে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক স্পেন মেলিলা থেকে ইতোমধ্যে ৭০ জন অনুপ্রবেশকারীকে বহিষ্কার করেছে।
