২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরের নির্দেশে ইরাকে হামলা চালিয়েছি: বিবিসির প্রামাণ্যচিত্রে বুশ

ইরাক এবং আফগানিস্তানে হামলা চালাতে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন বলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দাবি করেছেন। বিবিসির প্রকাশিতব্য নতুন প্রামাণ্যচিত্রে তিনি এ দাবি করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 01:07 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস এবং পরে পররাষ্ট্রমন্ত্রী নাবিল সাথের সঙ্গে ২০০৩ সালের জুনে সাক্ষাৎকালে বুশ একথা বলেন। ব্রিটেনে চলতি মাসের শেষে এটি সম্প্রচারিত হবে।

নাবিল সাথ আরও বলেন, বুশের দাবি অনুযায়ী, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছেন।

ফিলিস্তিনের বর্তমান তথ্যমন্ত্রী সাথ বলেন, প্রেসিডেন্ট বুশ আমাদের সকলকে জানিয়েছেন যে, তিনি ঈশ্বর প্রেরিত বিশেষ মিশন নিয়ে এগোচ্ছেন।

বুশ বলেন, ঈশ্বর আমাকে নির্দেশ দেন, জর্জ তুমি সাহসিকতার সাথে এগিয়ে যাও এবং আফগানিস্তানের সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করো। আমি তাই করলাম। এরপর ঈশ্বর আমাকে বললেন, জর্জ ইরাকে যাও এবং সেখানে যে দুঃশাসন চলছে তার অবসান ঘটাও। আমি তার কথামতো কাজ করলাম।

এখন আবার আমি অনুভব করছি যে, ঈশ্বর বলছেন, বুশ তুমি ফিলিস্তিন যাও এবং সেখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা কর। ইসরাইল যেন তার নিরাপত্তা পায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে। বুশের উদ্ধৃতি দিয়ে সাথ বিবিসিকে এ তথ্যগুলো জানান।

মিশরের বিশ্রামাগার শারম আল শেখে ফিলিস্তিন নেতা আব্বাসের সাথে বৈঠককালে প্রেসিডেন্ট বুশ তাকে বলেন, আমি প্রচণ্ড নৈতিক এবং ধর্মীয় বাধার মুখে আছি। আমি তাই আপনাকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র পাইয়ে দেব।

বিবিসি-এর একজন মুখপাত্র জানান, ডকুমেন্টারির বিষয়বস্তু হোয়াইট হাউজকে জানানো হয়েছে কিন্তু ব্যক্তিগত সংলাপের ব্যাপারে কোন মন্তব্য করার প্রস্তাব প্রত্যাখান করেছেন তারা।

শান্তির অন্বেষায়: ইসরাইল এবং আরব-শিরোণামে তিন অংশে বিভক্ত এই ধারাবাহিক ডকুমেন্টারিটিতে মধ্যপ্রাচ্যে শান্তির উদ্যোগ, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ১৯৯৯-২০০০ শান্তি আলোচনা থেকে গাজা উপত্যকা থেকে ইসরাইলিদের অপসারণ সবই অর্ন্তভূক্ত করা হয়েছে।