২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালি বোমা হামলাকারীকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

ইন্দোনেশিয়ার বালি পর্যটন কেন্দ্রে ২০০২ সালের ভয়াবহ বোমা হামলার সাথে জড়িত সন্দেহভাজন শীর্ষ হামলাকারীকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে অথবা তার সম্পর্কে তথ্য দিতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে দশ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 11:01 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কর্মকর্তারা জানান, শীর্ষ সন্দেহভাজন হামলাকারী ডালমাটিন ইলেক্ট্রনিক্স বিশেষজ্ঞ এবং ইসলামী জঙ্গিবাদী সংগঠন জেমাহ ইসলামিয়াহ’র একজন শীর্ষ নেতা।

বালিতে ২০০২ সালের বোমা হামলায় ২০০’র বেশি পর্যটক নিহত হয়েছিল।

এর আগে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন ও ইরাকে বিদ্রোহী তৎপরতা চালানোর পিছনে মূল পরিকল্পনাকারী আবু মুসাব আল-জারকাবিকে ধরিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পুরস্কার ঘোষণা করে।

ওই পুরস্কারের অর্থ মূল্য ছিল ২৫ মিলিয়ন ডলার।

জেমাহ ইসলামিয়াহ-কে গত সপ্তাহে বালিতে আরেকটি আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী করা হচ্ছে। ওই হামলায় ২২ জন নিহত হয়।

আমর উসমান নামে পরিচিত মালয়েশীয় নাগরিক ডালমাটিন একটি মোবাইল ফোনের সহায়তায় ২০০২ সালের বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হয়।

এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর জেমাহ ইসলামিয়াহ’র অপর এক সদস্য উমর পাটেককে ধরিয়ে দিতে এক মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন ম্যাককরম্যাক জানান, এ সব অপরাধীদের তাদের অপরাধের জন্য বিচারের সম্মুখীন করতে মার্কিন যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ।