ইউরোপীয় শিশুদের রক্তে মিশে যাচ্ছে ক্ষতিকর রাসায়নিক
ইউরোপের শিশুদের জন্য ব্যবহার্য জিনিস তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কম্পিউটার, পোশাকআশাক, প্রসাধনী ও ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করতে গিয়ে সেসব দেশের শিশুদের শরীরে বাসা বাঁধছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ।
প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নে ডব্লিউডব্লিউএফ’র পরিবার নিরীক্ষা জরিপ চালাতে গিয়ে এক গবেষণায় নানি, মা এবং শিশুদের রক্তে ঝুঁকিপূর্ণ উপাদান খুঁজে পায়। শিশুদের মধ্যে ১৭, নানিদের ১০ এবং মায়েদের শরীরে আট প্রকারের রাসায়নিকের সন্ধান পায়। সর্বোচ্চ ৬৩ রকমের রাসায়নিকের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ডিডিটি-ও রয়েছে। ১৩ টি পরিবারের শিশুর মধ্যে গবেষণা চালাতে গিয়ে তাদের শরীরে ৫৯ প্রকারের ক্ষতিকর রাসায়নিক পদার্থের সন্ধান পায়।
ডব্লিউডব্লিউএফ’র বিশেষজ্ঞ কার্ল ওয়াগনার বলেন, আমরা সবাই এ বিশ্বে বিভিন্ন ধরনের অনিয়ন্ত্রিত পরীক্ষা-নিরীক্ষার শিকার। এটা খুবই দুঃখজনক যে, প্রতিদিন আমাদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদির মাধ্যমে বিষাক্ত রাসায়নিক পদার্থ আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের শিশুদের শরীরেও তা সংক্রমিত হচ্ছে।
