২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পত্রিকা সম্পাদক গ্রেপ্তার

দেশদ্রোহী সম্পর্কিত প্রবন্ধ প্রকাশের অভিযোগে আফগানিস্তানের নারী অধিকার বিষয়ক একটি পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একজন ধর্মীয় উপদেষ্টার অভিযোগ ও মামলা দায়েরের প্রেক্ষিতে আলী মোহাকিক নাসাবকে গ্রেপ্তার করা হয়।

চরম কট্টরপন্থী ইসলামী আইন অনুযায়ী চুরি ও অবাধ যৌনাচারের জন্য কঠিন শাস্তির দাবি নিয়ে নাসাবের ম্যাগাজিন প্রশ্ন তোলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্যা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস নাসাবের গ্রেফতারকে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব বলে অভিযোগ করেছে।

স্থানীয় আইন অনুযায়ী আফগানিস্তানে ইসলাম বিরোধী যে কোন মন্তব্য নিষিদ্ধ। এছাড়াও সাংবাদিকদের কেবল সরকার নিয়োজিত গণমাধ্যম কমিশন কর্তৃক গ্রেফতার করা যাবে এমন আইনও নাসাবের বেলায় কার্যকর করা হয়নি।

তালেবান শাসনের অবসানের পর নারী অধিকার বিষয়ক ম্যাগাজিনটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছিল। আফগানিস্তানে বেসরকারি মালিকাধীন পত্রিকা, রেডিও ও টেলিভিশন স্টেশনের সংখ্যা বাড়লেও সরকার, স্থানীয় যুদ্ধবাজ নেতা এবং ধর্মীয় কর্তৃপক্ষ তাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে।

দ্য কমিটি টু প্রটক্ট জার্নালিস্টস অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়ে পুরো বিষয়টিকে আফগানিস্তানে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব বলে উল্লেখ করেছে।