দুর্বল সতর্কতার কারণে সুনামিতে প্রাণহানির সংখ্যা বেড়েছে : রেডক্রস রিপোর্ট
আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস জানিয়েছে, দ্রুত সুনামি সতর্কতা জানানো সম্ভব হলে ২০০৪ সালে এশিয়ায় বয়ে যাওয়া সুনামির আঘাতে হাজার হাজার লোকের প্রাণহানির সংখ্যা হ্রাস করা যেত।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট-এর বার্ষিক বিশ্ব দুর্যোগ রিপোর্টে এ তথ্য জানানো হয়।
রেডক্রসের রিপোর্টে বলা হয়, ভারত মহাসাগরের কাছাকাছি ইন্দোনেশিয়ার উপকূলে বৃহৎ ভূমিকম্পটি সংশ্লিষ্ট বিজ্ঞানীরা সুনামি হিসেবে শনাক্ত করতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছিল। জনগণকে সতর্ক করে দেওয়ার কোন উপায় ছিল না।
রিপোর্টে বলা হয়, ২০০৪ সালে সারা বিশ্বে দুর্যোগে কমপক্ষে ২৫০,০০০ লোকের মৃত্যু ঘটে। এর মধ্যে সুনামির ছোবলে ২২৫,০০০ জন প্রাণ হারায়।
রিপোর্টের সূচনায় সংস্থার মহাসচিব মার্ককু নিসকালা লিখেছেন, সঠিক ও সময়মত তথ্যের মাধ্যমে পূর্ব সতর্কতাই কেবল জীবন বাঁচাতে পারে।
রিপোর্টে আরও বলা হয়, সিঙ্গাপুরে বসবাসরত একজন জেলের টেলিফোনে সুনামির সতর্কতা প্রদানের কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলের অনেক গ্রামের অধিবাসীদের জীবন বাঁচানো সম্ভব হয়েছিল।
