২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর উপকূলে আঘাত হেনেছে হারিকেন স্টান, মধ্য আমেরিকায় ৬৬ জনের প্রাণহানি

হারিকেন স্টান মধ্য আমেরিকার মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে। তবে মূল ভূখণ্ডে আছড়ে পড়ার আগে কমপক্ষে ৬৬ জনকে হত্যা করেছে সামুদ্রিক এই ঝড়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 09:43 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটাগরি এক-এর হারিকেন স্টানটি ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে রাজধানী মেক্সিকো সিটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ বন্দরের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।

ভেরাক্রুজে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অপেক্ষাকৃত দূর্বল হয়ে হারিকেনটি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে চলেছে।

মেক্সিকোর সরকারি কর্মকর্তারা বেশ কয়েকটি জরুরী আশ্রয়স্থল নির্মাণ করেছে।

এদিকে হারিকেনের পাশাপাশি অতি বৃষ্টির কারণে হাজার হাজার লোক এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

হারিকেনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মধ্য আমেরিকার দেশগুলোতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে।

হারিকেনের কারণে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এল সালভাদরে। দেশটিতে কমপক্ষে ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এল সালভাদর সরকার জরুরী অবস্থা ঘোষণা করেছে এবং দূর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট টনি সাকা বলেন, ভূমিধসের কারণে দেশের ষাট শতাংশ মানুষ এখন বিপদের মুখোমুখি।

দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি সেন্টারের পরিচালক মরিকো ফেরার জানিয়েছেন, বন্যার কারণে ৩০০টি সম্প্রদায় ভেসে গেছে।

তিনি আরও জানান, কমপক্ষে ৮,৫০০ জন লোক তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাদের মধ্যে ১২২ জনকে পুনর্বাসিত করা হয়েছে।

গুয়াতেমালার অংশ বিশেষেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে কমপক্ষে আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

অপরদিকে হন্ডুরাস ও নিকারাগুয়ার বেশ কিছু লোকের প্রাণহানির খবর পাওয়া গেছে।