অভিন্ন ইসলামী বাজার তৈরি করতে চায় ইসলামিক অর্থনৈতিক ফোরম
বিশ্ব ইসলামিক অর্থনীতি ফোরামের তিনদিনব্যাপী সম্মেলন সোমবার কুয়ালালামপুরে শেষ হয়েছে।
সারা বিশ্বে দেড়শ’ কোটি মুসলমান ক্রেতার প্রতি লক্ষ্য রেখে সম্মেলন থেকে ব্যবসা বাণিজ্যের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে একটি অভিন্ন ইসলামী বাজার গঠনের আহ্বান জানানো হয়েছে।
ফোরাম থেকে বলা হয়, ইসলামী মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ওআইসি সদস্যভুক্ত ৫৭টি ইসলামী রাষ্ট্র আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক মোর্চা গঠন করে লাভবান হতে পারে।
ওআইসি-র দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্ম্পক জোরদার করার জন্য নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে হলে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজাল ছিন্ন করতে হবে।
সম্মেলনে যোগদানকারী ৪৪টি দেশের পাঁচ শতাধিক প্রতিনিধির সিদ্ধান্ত অনুযায়ী কুয়ালালামপুরে
ফোরামের জন্য একটি স্থায়ী সচিবালয় স্থাপন করা হবে। এছাড়া মালয়েশিয়া ও পাকিস্তানে এক বছর পরপর বাৎসরিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
মুসলিম দেশগুলোতে সরাসরি বিদেশী বিনিয়োগের নিম্ন হারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
