সদস্যপদ নিয়ে ইইউ-এর সাথে তুরস্কের আলোচনা শুরু
দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্যপদ দেওয়ার ব্যাপারে দেশটির সাথে আলোচনা শুরু করেছে।
আলোচনা শুরু করতে ইইউ’র বেঁধে দেয়া শর্ত পূরণে আঙ্কারা রাজি হওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ গুল সোমবার রাতে লুক্সেমবার্গ পৌঁছেছেন।
ইইউ দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের ২৪ ঘন্টারও বেশি দীর্ঘ বৈঠকের শেষ পর্যায়ে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করতে তারা ঐকমত্যে পৌঁছান এবং এ ব্যাপারে শর্তাবলী চূড়ান্ত করেন।
পূর্ণ সদস্যপদ নয়, অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারিত্ব সম্পন্ন দেশ হিসেবে তুরস্ককে মর্যাদা দিতে অস্ট্রিয়া যে দাবি জানিয়ে আসছিল, সোমবার সে দাবি থেকে তারা সরে এসেছে। আঙ্কারা অবশ্য সরাসরি অস্ট্রিয়ার দাবি বাতিল করে দিয়েছিল।
আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা হওয়ার পরপরই হাস্যোজ্জ্বল আব্দুল্লাহ গুলকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র এবং লুক্সেমবার্গ কনফারেন্স সেন্টারের অন্যান্য কর্মকর্তারা আলিঙ্গন করে স্বাগত জানান।
সামরিক ও বিচার বিভাগের সংস্কার সাধন এবং তুরস্কের কুর্দি অঞ্চলের অবস্থার উন্নতির জন্য জ্যাক স্ট্র আঙ্কারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জ্যাক স্ট্র ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের লুক্সেমবার্গ আলোচনার নেতৃত্ব দেন।
লুক্সেমবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে আঙ্কারায় গুল সাংবাদিকদের বলেন, আজ (সোমবার) এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল। এর মাধ্যমে তুরস্ক এক নতুন যুগে প্রবেশ করেছে।
গুল বলেন, পূর্ণ সদস্যপদ পাওয়ার ব্যাপারে বিভিন্ন বিষয় পরিষ্কারভাবে শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে। বিকল্প কোন পছন্দের কথা এতে বলা হয়নি।
জ্যাক স্ট্র নিজেও ৩০ ঘন্টার দীর্ঘ সমঝোতার ফলাফলকে ইউরোপ ও সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এতিহাসিক দিন বলে আখ্যায়িত করেছেন।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সমঝোতা দশ বছর ব্যাপী চলতে পারে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সামনে অনেক পথ যেতে হবে। তবে তুরস্ক লড়াইয়ের জন্য প্রস্তুত বলে তিনি আশা প্রকাশ করেন।
তুরস্কের আকৃতি, দারিদ্রতা এবং প্রধান ধর্ম ইসলাম হওয়ায় অস্ট্রিয়ার মত অনেক ইইউ সদস্য দেশ আঙ্কারাকে পূর্ণ সদস্যপদ দেওয়ার বিপক্ষে। তবে সোমবার অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইউরসুলা প্লাসনিক ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী স্ট্র-এর সাথে কয়েক দফা বৈঠকের পর তাদের বিকল্প দাবি থেকে সরে দাঁড়ায়।
