ভারতকে ছাড়াই ইরান থেকে পাইপলাইন অর্থবহ হবে: পাকিস্তান
ইরান-পাকিস্তান-ভারত (আইপিআই) প্রস্তাবিত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প থেকে ভারত নিজেদেরকে সরিয়ে নিলেও তা কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তেল ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সচিব আহমেদ ওয়াকার।
ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আইএইএ-র সিদ্ধান্তের পক্ষে ভারতের ভোট দেওয়ার পর পরই পাকিস্তানের পক্ষ থেকে এ ধরণের বক্তব্য আসে।
গত কয়েক মাস ধরে ভারতীয় প্রতিপক্ষের সাথে আলোচনাকারী ওয়াকার বলেন, ভারত যদি এ প্রকল্পের অংশ হয় তাহলে এর গ্রহণযোগ্যতা বাড়বে। তবে ভারত না থাকলেও এর কার্যকারিতা কমে যাবে না।
আইএইএ-তে ইরানের বিপক্ষে ভোট দেওয়ার কারণে ভারত-ইরানের সর্ম্পকে ফাটল ধরেছে বলে পাকিস্তান মনে করলেও তেহরান জানিয়েছে যে বন্ধু রাষ্ট্র ভারতের সাথে আমাদের জ্বালানি ব্যবস্থা একটি ভোটের মধ্যে বিবেচনা করলে চলবে না।
