আফগানিস্তানের নির্বাচনে জালিয়াতির অভিযোগ
আফগানিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন নির্বাচন কর্মকর্তা এবং পর্যবেক্ষকরা। গণনাকৃত ৮০ শতাংশ ব্যালটই ভুয়া বলে জানিয়েছেন তারা।
জাতিসংঘের যুগ্ম নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান পিটার আরবেন বলেন, জালিয়াতিসহ অন্যান্য অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ হাজার নির্বাচনী এলাকার প্রায় এক হাজার ভোট কেন্দ্রের চার শতাংশ ব্যালট বাক্স অনুসন্ধানের জন্য নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা এক বিবৃতিতে জানান, ভোট জালিয়াতি এবং ভুয়া ভোটারের বিষয়টি নিঃসন্দেহে ভীতিকর।
অভিযোগ প্রমাণিত হলে আরবেন কঠিন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, ভুয়া ভোটগুলো গণনা করা হবে না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোন প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে তাকে জরিমানাসহ তার প্রার্থীতা বাতিল করা হবে।
পশ্চিম কাবুলের পঘমন জেলা থেকে জালিয়াতির অভিযোগ বেশি উঠেছে। সেখানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ মিত্র আব্দুল রব রসূল সায়াফ শক্ত অবস্থানে রয়েছেন। পঘমনের ৯৫টি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে। এর মধ্যে ৩০ থেকে ৪০টি বাক্স গণনার জন্য মনোনীত হলেও জালিয়াতির অভিযোগে বাকিগুলো বাতিল করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিদেশী পর্যবেক্ষক জানিয়েছেন।
অরবেন বলেন, কিছু অনিয়ম সত্ত্বেও তা সার্বিক নির্বাচনকে প্রভাবিত করতে না পারলেও স্থানীয় পর্যায়ে তা প্রভাব ফেলেছে।
এদিকে পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণপূর্ব প্রদেশ পাকটিকা থেকেও জালিয়াতির অভিযোগ এসেছে। সেখানকার ২৭১টি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স অনুসন্ধান করে দেখা হবে। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের তিনশ’টি ব্যালট বাক্সও একই কারণে পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে।
