উইলিয়ামনগরে কারফিউ, পুলিশের গুলিতে ১১ জন নিহত
ভারতের পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের গারো পাহাড়ী এলাকার তুরা ও উইলিয়ামনগরে শুক্রবার ছাত্রদের দুটি বিক্ষোভ সমাবেশে পুলিশ গুলি চালালে কমপক্ষে ১১ জন নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছে।
মেঘালয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের হেডকোয়ার্টার্সগুলো তুরা থেকে রাজধানী শিলংয়ে স্থানান্তরের বিরুদ্ধে গারো ছাত্র ইউনিয়ন এই বিক্ষোভ সমাবেশ করে।
পুলিশ জানায়, গারো ছাত্র ইউনিয়ন অনুমতি ছাড়াই বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে ছাত্ররা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পাল্টা ব্যাবস্থা হিসেবে পুলিশ গুলি চালায়।
ঘটনার পর উভয় শহরেই সান্ধ্য আইন জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি ম্যাজিস্টেরিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং নিহতদের পরিবারগুলোর জন্য এক লাখ রুপি অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে।
