২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির বিজয় নিশ্চিত

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি পার্লামেন্টের সর্বোচ্চ আসন প্রাপ্ত দল হিসেবে জয়লাভ করেছে। শনিবার প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল থেকে এ খবর জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 10:19 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক বেশ কয়েকটি ছোট দলের সমর্থন নিয়ে একটি জোট সরকার গঠন করবেন বলে আশা করা হচ্ছে।

১২১ আসন বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনে হেলেন ক্লার্কের নেতৃত্বাধীন লেবার পার্টি ৫০টি আসন লাভ করেছে। অপরদিকে প্রধান বিরোধী দল পেয়েছে ৪৮টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড ফার্স্ট সাতটি, গ্রীন্স পার্টি ছয়টি, ইউনাইটেড ফিউচার তিনটি, মাওরি চারটি, অ্যাক্ট দুটি এবং প্রগ্রেসিভ পার্টি একটি আসন পেয়েছে।

সরকার গঠন করলে ক্লার্কই হবেন নিউজিল্যান্ডের প্রথম লেবার প্রধানমন্ত্রী যিনি পরপর তিন বার নির্বাচিত হলেন।

কর প্রত্যাহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং মাওরি সম্প্রদায়কে দেওয়া সরকারি সহায়তার পরিমাণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়ায় এবার নির্বাচনে ন্যাশনালিস্টরা গত নির্বাচনের তুলনায় দ্বিগুন ভোট পেয়েছে।

১৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।

যদিও নির্বাচনের একদিন পরেই প্রাথমিক ফলাফল দেওয়া হয়েছিল, তবে বিশেষ ভোট এবং নিজস্ব জেলার বাইরে থেকে যারা ভোট দিয়েছিলেন, তাদের ভোট গণনার কারণে চূড়ান্ত ফলাফল ঘোষণা বিলম্বিত হয়।

লেবার পার্টিকে গ্রীন্স ও প্রগ্রেসিভ পার্টি সমর্থন দেবে। এছাড়া তারা মাওরি উপজাতিদের সমর্থন পাবে বলে আশা করা হচ্ছে।