২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির প্রধানমন্ত্রী দ্রাগির পদত্যাগ

ইতালিতে জাতীয় ঐক্যের সরকার ভেঙে পড়ার পর দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 05:12 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার মাতারেল্লার কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

দ্রাগির পদত্যাগ ইউরোপের এ দেশটিকে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে।

মাতারেল্লার কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটি ‘নোট’ করেছেন এবং দ্রাগিকে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পাওয়ার পর প্রেসিডেন্ট এখন কী করবেন বিবৃতিতে তা বলা হয়নি।

অবশ্য চলতি সপ্তাহের শুরুর দিকে একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছিলে, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিলে মাতারেল্লা পার্লামেন্ট ভেঙে দিয়ে অক্টোবরে আগাম নির্বাচনের ডাক দিতে পারেন।

দ্রাগির পদত্যাগপত্র পাওয়ার পর প্রেসিডেন্ট বৃহস্পতিবারই পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারদের সঙ্গে দেখা করার কথা ভাবছেন বলে জানিয়েছে রয়টার্স।

দ্রাগির ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে বিরোধ গত কিছূদিন ধরেই স্পষ্ট হচ্ছিল।

ভেদাভেদ ভুলে তাদেরকে এক করার চেষ্টায় বুধবার সেনেটে আস্থা ভোট ডেকেছিলেন দ্রাগি; তাতে তিনি উৎরে গেলেও জোটের তিন গুরুত্বপূর্ণ শরিকই ওই ভোট বয়কট করেছিল।

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান দ্রাগির আমলে ইতালির রাজনীতি তুলনামূলক স্থিতিশীল ছিল; ইউক্রেইনে রাশিয়ার অভিযানের পাল্টায় ইউরোপের দেশগুলো যে একাট্টা হতে পেরেছিল, তাতেও তার ভূমিকা ছিল অপরিসীম।

জোটের ভেতরকার বিরোধের কারণে দ্রাগি সপ্তাহখানেক আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিলেও প্রেসিডেন্ট তখন তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।