শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র: পেন্টাগন
যুক্তরাষ্ট্র শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
রেথিওন টেকনলজিস করপোরেশনের (আরটিএক্স ডট এন) তৈরি এই এয়ার ব্রিদিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ২০১৩ সালের পর এই ধরনের ক্ষেপণাস্ত্রের তৃতীয় সফল পরীক্ষা।
হাইপারসনিক এয়ার-ব্রিদিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর গবেষণা পরিচালনা করছে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডিএআরপিএ)। রেথিয়ন ও লকহিড মার্টিন করপোরেশনের মধ্যে এ ধরনের অস্ত্র সরবরাহের চুক্তি পেতে প্রতিযোগিতা চলছে।
এয়ার ব্রিদিং প্রক্রিয়ায় ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডল থেকে বাতাস সংগ্রহ করে এবং এই বাতাস থেকেই প্রবল গতি তৈরি হয়। গত বছর সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র চারবার হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
এর মধ্যে রেথিয়নের তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দুবারই সফল হয়েছে। আর লকহিডের একটি পরীক্ষা সফল এবং আরেকটি পরীক্ষা ব্যর্থ হয়েছে।
রেথিয়নের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষাবিষয়ক ব্যবসায়িক শাখার প্রেসিডেন্ট ওয়েস ক্রেমের বলেন, “আমাদের দেশের হাইপারসনিক ক্ষমতায় অগ্রগতি অর্জন জাতীয়ভাবেই একটি অপরিহার্য বিষয়। একের পর এক সফল পরীক্ষা আমাদের এইচএডব্লিউসি প্রযুক্তিকে পরিপক্ব করে তোলার জন্য আরও আত্মবিশ্বাস জোগাবে।”
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণের বেশি শক্তি নিয়ে উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরে উড়তে পারে। এর গতি থাকে ঘণ্টায় প্রায় ৬ হাজার ২০০ কিলোমিটার।
