আড়াই সেকেন্ডের যে নিরাপত্তা ত্রুটি শিনজো আবের মৃত্যু নিশ্চিত করেছিল
প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ারও আড়াই সেকেন্ড পর আততায়ীর ছোড়া দ্বিতীয় গুলিতে ধরাশায়ী হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
যদি এই সময়ের মধ্যে দেহরক্ষীরা তাকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলতো বা সরিয়ে নিতে পারতো, তাহলে আবেকে বাঁচানো যেত বলে মনে করেন হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ফুটেজ বিশ্লেষণ করা ৮ নিরাপত্তা বিশেষজ্ঞ।
দেশটিতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আবের নিরাপত্তায় যে ব্যাপক ঘাটতি ছিল, দ্বিতীয় গুলি থেকে তাকে রক্ষায় ব্যর্থতাতেই তা ফুটে উঠেছে, জাপানি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন এমনটাই বলছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আবেকে (৬৭ ) খুন করার ঘটনা বন্দুক সহিংসতা বিরল দেশটিকে স্তব্ধ করে দিয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী প্রচারণায় গিয়ে হাতে বানানো অস্ত্রের গুলিতে নিহত হন তিনি। জাপানের রাজনীতিবিদরা সাধারণত সামান্য নিরাপত্তা নিয়েই জনগণের কাছে গিয়ে প্রচারণা চালাতেন।
আবের নিরাপত্তায় যে ঘাটতি ছিল, দেশটির কর্তৃপক্ষ এমনকী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও তা স্বীকার করে নিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা ওই নিরাপত্তা ত্রুটির বিষয়টি তদন্ত করে দেখছে।
আততায়ী গুলি ছোড়ার আগে আবের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তার বিস্তারিত জানতে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি ছয় প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে রয়টার্স, সঙ্গে অনলাইনে পাওয়া যাওয়া ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ধারণ করা একাধিক ভিডিও-ও পরীক্ষা করে দেখেছে তারা।
আবেকে লক্ষ্য করে করা প্রথম গুলির ঠিক পরের মুহূর্ত, তখনও আবে বক্তৃতারত। ছবি: রয়টার্স
“হামলাকারী যে ধীরে ধীরে হেঁটে (সাবেক) প্রধানমন্ত্রীর পেছনে চলে আসছে তা দেখা ও তাকে থামানো উচিত ছিল নিরাপত্তাকর্মীদের,” বলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল থ্রেট সলিউশনের প্রধান কেনেথ বোমবেস। এই গ্লোবাল থ্রেট সলিউশনই প্রেসিডেন্ট প্রার্থী থাকাকালে জো বাইডেনের নিরাপত্তার দায়িত্বে ছিল।
তদন্ত সূত্রগুলো বলছে, ইয়ামাগামি প্রথম গুলি ছোড়ার আগে আবের ৭ মিটারের মতো দূরত্বে (২৩ ফিট) চলে এসেছিলেন। অবশ্য সেখান থেকে তার ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিটি করার সময় বন্দুকধারী আবের দিকে আরো মিটার দুয়েক এগিয়ে যান।
আবের দেহরক্ষীদের তখন তাকে ঘিরে নিরাপত্তা বৃত্ত বানাতে দেখা যায়নি, বলেছেন সাবেক মার্কিন নেভি সিল ও সিআইএ কর্মকর্তা জন সল্টিজ।
“ভিড়ের মধ্যে তাদের (আবের দেহরক্ষী) কোনো নজরদারিও ছিল না,” বলেছেন নিরাপত্তা কোম্পানি প্রোসেগুরের এ ভাইস প্রেসিডেন্ট।
বিশেষজ্ঞদের এ পর্যালোচনা নিয়ে জিজ্ঞেস করা হলে আবের প্রচারণায় নিরাপত্তার দায়িত্বে থাকা নারার প্রশাসনিক অঞ্চলের পুলিশ এক বিবৃতিতে রয়টার্সকে বলেছে, পুলিশ বিভাগ আবের সুরক্ষার ক্ষেত্রে ‘কী কী ত্রুটি ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে শনাক্তে প্রতিশ্রুতিবদ্ধ’। এর বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।
ভিডিও ফুটেজে প্রথম গুলির পর আবেকে ঘুরে যেতে ও বাম কাঁধের উপর দিয়ে তাকাতে দেখা গেছে। দুই দেহরক্ষী তড়িঘড়ি তার ও বন্দুকধারীর মাঝে আসার চেষ্টা করেন, একজনকে একটি পাতলা কালো ব্যাগ তুলে ধরতে দেখা যায়। অন্য দুই দেহরক্ষী ছুটে যান বন্দুকধারীর দিকে, যিনি ধোঁয়ার আড়ালের মধ্যে আবের দিকে আরও খানিকটা এগিয়ে এসেছেন।
দ্বিতীয় গুলি ছোড়ার কয়েক মুহূর্তের মধ্যে দেহরক্ষীরা আততায়ীকে জাপটে ধরতে এবং গ্রেপ্তার করতে পারলেও আবেকে সুরক্ষিত না করে বন্দুকধারীর দিকে ছুটে যাওয়াকে দেহরক্ষীদের ‘ভুল প্রতিক্রিয়া’ বলছেন জাপানের নিহন বিশ্ববিদ্যালয়ের সংকট ব্যবস্থাপনা ও সন্ত্রাসবাদ বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক মিতসুরু ফুকুদা।
দ্বিতীয় গুলি করার পর বন্দুকধারী হামলাকারীকে আটক করছে আবের নিরাপত্তারক্ষীরা। ছবি: রয়টার্স
ভিআইপি রাজনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা টোকিও পুলিশ এ সংক্রান্ত সব প্রশ্নের উত্তরের জন্য নারা পুলিশকে দেখিয়ে দিয়েছে বলে জানিযেছে রয়টার্স।
স্থানীয় পুলিশ বাহিনীগুলোকে দেখভালের দায়িত্বে থাকা জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, দায়িত্ব পালনে পুলিশের ব্যর্থতার ফল হচ্ছে আবে হত্যাকাণ্ড।
নিরাপত্তা ও পাহারা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি দল গঠন করা হয়েছে এবং আবে হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনা রোধে ব্যবস্থা নিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে, বলেছে তারা।
“নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, বাহিনীর সদস্য মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থার মৌলিক পদ্ধতিগুলোসহ ঘটনাস্থলের প্রতিক্রিয়ার মধ্যেই যে সমস্যা ছিল তা শনাক্ত করেছি আমরা, তবে ন্যাশনাল পুলিশ এজেন্সি যেভাবে সংশ্লিষ্ট ছিল তাতেও যে সমস্যা ছিল তা স্বীকার করে নিচ্ছি আমরা,” রয়টার্সের প্রশ্নের জবাবে বলেছে তারা।
আবে হত্যাকাণ্ডের দায়ে গেপ্তার হয়ে পুলিশের হেফাজতে থাকা ইয়ামাগামির কোনো মন্তব্য নিতে পারেনি রয়টার্স, তার কোনো আইনজীবী আছে কিনা, তাও নিশ্চিত হতে পারেনি তারা।
ভিডিও ফুটেজ অনুযায়ী আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার সুরক্ষাবলয়ে চার দেহরক্ষী ছিল বলে ভিডিও ফুটেজের বরাত দিয়ে বলছেন টোকিও মেট্রপলিটন পুলিশ বিভাগের স্পেশাল অ্যাসল্ট টিমের সাবেক সার্জেন্ট কোইচি ইতো।
দেহরক্ষীদের এই সংখ্যা ঘটনাস্থলে থাকা স্থানীয় রাজনীতিক মাসাহিরো ওকুনি-ও নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিতে এগিয়ে যান, তখন ভিডিও ফুটেজে পেছনের দিকে ইয়ামাগামিকেও তালি দিতে দেখা গেছে।
ইয়ামাগামি যখন ধীরে ধীরে আবের দিকে হেঁটে আসছিলেন তখন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কিছুই করতে দেখা যায়নি।
আবেকে বাঁচাতে আরও প্রশিক্ষিত ও দক্ষ দেহরক্ষী দরকার ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক ও বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিসের এক সদস্য।
“আমরা তৎক্ষণাৎ (আবেকে) বেল্ট ও কলারের মাধ্যমে তাকে আঁকড়ে ধরতাম, আমাদের শরীর দিয়ে তাকে আড়াল করতাম ও তাকে নিয়ে চলে যেতাম,” বলেন ওই এজেন্ট।
২০০০ ও ২০০৮ সালে জাপানে জি-৮ সম্মেলনে নিরাপত্তার দায়িত্বে থাকা টোকিও পুলিশের সাবেক সুপারিনটেন্ডেন্ট জেনারেল কাতসুহিকো ইকেদা বলেন, আবের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি ১-২ সেকেন্ডর মধ্যে আবের কাছাকাছি চলে আসতেন, তাহলে ঘটনা অন্যরকম হলেও হতে পারতো।
নিরাপত্তা কর্মীরা সতর্ক থাকলে এবং নিজেদের মধ্যে যোগাযোগ রাখলে এমনকি প্রথম গুলিও আটকানো যেত বলে মনে করেন সাবেক পুলিশ সার্জেন্ট ইতো।
“যদি তারা প্রথম গুলির সময়টা মিসও করতো, তাও তারা পরের গুলির আগে দুই সেকেন্ডের বেশি সময় পেত, যার ফলে তারা অবশ্যই সেটি ঠেকাতে পারতো।
“আবেকে যদি ঠিকঠাক সুরক্ষা দেওয়া যেত তাহলে হয়তো এ মৃত্যু এড়ানো যেত,” বলেছেন তিনি।
