২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস, ‍যুক্তরাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাজ্যের আবহওয়া দপ্তর রেকর্ড তাপমাত্রার পূর্বাভাসের মুখে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইংল্যান্ডে জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jul 2022, 07:10 PM

Updated : 22 Jul 2022, 03:55 AM

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার ইংল্যান্ডের কয়েকটি অংশে ‘তাপপ্রবাহের চরম সতর্কতা’ জারি করা হয়েছে, ওই সময় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছে যেতে পারে।

আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, “মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ড-ভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে সোমবার এবং তারপর আবার মঙ্গলবারেও।”

“রাতের সময়টিতেও যুক্তরাজ্যে, বিশেষ করে শহুরে এরাকাগুলোতে অস্বাভাবিকরকম গরম থাকতে পারে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে জনগণ এবং অবকাঠামোর ওপর।”

বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা আছে এবং এ তাপমাত্রা আরও বেড়ে নতুন রেকর্ড গড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালের ২৫ জুলাইয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এ সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এবং আবহাওয়া দপ্তর দেশের কয়েকটি অংশে ৩ মাত্রার তাপ-স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল।

এই সতর্কতার আওতায় ঝুঁকির মুখে থাকা মানুষজনকে সুরক্ষিত রাখতে বাড়তি সামাজিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিতে হয়।

আর ৪ মাত্রার লাল সতর্কতা এর চেয়েও আরও একধাপ উপরের। তাপমাত্রা মাত্রারিক্ত কিংবা দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয়।

এই স্তরে কেবল ঝুঁকিতে থাকা মানুষজনই নয়, বরং স্বাস্থ্যবান মানুষেরাও চরম আবহাওয়ায় অসুস্থতা এবং মৃত্যুর শিকার হওয়ার আশঙ্কা থাকে।