২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ইন্ডিয়া হামলা মামলায় খালাস পাওয়া শিখ কানাডায় খুন

কানাডায় শিখ নেতা রিপুদমন সিং মালিককে গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলায় তার নাম উঠে এসেছিল। ওই বোমা হামলায় ৩৩১ জন নিহত হয়েছিল। কিন্তু পরবর্তীতে ২০০৫ সালে তিনি সেই মামলায় খালাস পান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 05:36 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে বৃহস্পতিবার তাকে হত্যা করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। সকাল সাড়ে ৯টার দিকে গুলির শব্দ পাওয়া যায়। রিপুদমন সিং মালিক গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা দিয়ে তারে চেতনা ফেরানোর চেষ্টা করলেও খুব কাছ থেকে গুলি ছোড়ার কারণে রিপুদমনকে বাঁচানো যায়নি।

এবিসি নিউজ জানায়, পুলিশ প্রাথমিকভাবে নিহতের পরিচয় প্রকাশ না করলেও নিহতের ছেলে জসপ্রীত মালিক তার বাবাকে গুলি করে হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ তাদের একটি বিবৃতিতে বলেছে, "আমরা মালিকের অতীত সম্পর্কে সচেতন। যদিও আমরা এখনও হত্যার পেছনের কারণ বের করতে কাজ করছি। তাকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।

রিপুদমন সিং মালিক বরাবরই বিতর্কে ছিলেন। তার জীবনের সবচেয়ে বড় বিতর্ক ছিল ১৯৮৫ সালের এয়ার ইন্ডিয়া বিমানে বোমা বিস্ফোরণ।

১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-১৮২ কানাডার ২৬৮ জন এবং ২৪ জন ভারতীয় নাগরিকসহ ৩২৯ জন আরোহীকে নিয়ে টরন্টো থেকে যাত্রা করে মন্ট্রিলে থামে। তারপর এটি লন্ডন হয়ে মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল।

বিমানটি আটলান্টিক মহাসাগরের ৩১ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় একটি সুটকেইস বোমা বিস্ফোরণ হলে সবাই নিহত হন। অন্যদিকে, জাপান থেকে উড্ডয়নের জন্য এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানেও বোমা হামলার পরিকল্পনা ছিল। কিন্তু টোকিওর নারিতা বিমানবন্দরেই বোমাটি বিস্ফোরিত হয়ে দুই বিমানকর্মী নিহত হন।

অভিযোগ থাকলেও ২০০৫ সালে হত্যাযজ্ঞ এবং ১৯৮৫ সালের দুটি বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় মালিক ও তার সহযোগী আজাইব সিং বাগরিকে খালাস দেওয়া হয়েছিল বলে এনডিটিভি জানিয়েছে।

রিপুদমন সিং মালিক, পঞ্জাবি বংশোদ্ভূত একজন ব্যবসায়ী এবং কানাডিয়ান শিখ নেতা। তার মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে সিবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে। শিখ সম্প্রদায় তাদের একজন নায়ককে হারিয়েছে বলে মালিকের বন্ধুরা দাবি করেছে।

তবে ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রধানমন্ত্রী উজ্জল দোসাঞ্জ বলছেন, মালিককে একজন বিতর্কিত ব্যক্তি। তিনি বলেন, “অন্যান্য কারণগুলোর মধ্যে একটি হল তিনি সম্প্রতি ভারত সফর করে প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী ও তার রাজনৈতিক নীতিকে সমর্থন করে একটি চিঠি লিখেছিলেন। আমি মনে করি, এবিষয়টি শিখ সম্প্রদায়ের মধ্যে প্রভাব ফেলে থাকতে পারে।”

সিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মালিক খালসা স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সারে ও ভ্যাংকুভারে দুটি বেসরকারি স্কুলের ক্যাম্পাস পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি ভ্যাংকুভার ভিত্তিক খালসা ক্রেডিট ইউনিয়নের (কেসিইউ) সভাপতিও ছিলেন।

ওদিকে, বোমা তৈরিতে সহযোগিতা ও মালিকের বিচারের সময় মিথ্যা বলাসহ কয়েকটি অভিযোগে ইন্দ্রজিৎ সিং রেয়াত নামে এক ব্যক্তি ৩০ বছর কারাভোগ করেছেন। পুরো সাজার দুই-তৃতীয়াংশ ভোগের পর ২০১৬ সালে তিনি পেরোলে মুক্তি পান। রেয়াতই একমাত্র ব্যক্তি যিনি ওই বোমা হামলার জন্য দোষী সাব্যস্ত হন।