স্থিতিশীল সরকার ছাড়া থমকে যাবে শ্রীলঙ্কা: কেন্দ্রীয় ব্যাংক
শিগগির স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত না হলে শ্রীলঙ্কা স্থবির হযে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে।
বিবিসির নিউজনাইট প্রোগ্রামে বীরাসিংহে বলেন, প্রয়োজনীয় পেট্রোলিয়াম আমদানির জন্য পর্যাপ্ত বিদেশি মুদ্রা পাওয়া যাবে কিনা তা নিয়ে ‘প্রচুর অনিশ্চয়তা’ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বেইলআউট প্যাকেজ পাওয়ার অগ্রগতি একটি স্থিতিশীল প্রশাসনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
চরম অর্থনৈতিক সংকটের্ মধ্যে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক গণঅসন্তোষ ছড়িয়ে পড়েছে। গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পদত্যাগপত্র পেশ করেছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দ্বিতীয় দিনের মত কারফিউ বহাল রেখেছেন।
দেশটির অর্থনীতি ধসে পড়েছে আর খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য অনেকেই রাজাপাকসে প্রশাসনকে দোষ দিচ্ছে আর মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিক্রমাসিংহেকে এই সমস্যার একটি অংশ বলে বিবেচনা করছে।
এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়া নন্দলাল বীরাসিংহে বলেন, স্থিতিশীল প্রশাসন ছাড়া কীভাবে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা যাবে ‘সামনে তার কোনো পথ’ দেখছেন না তিনি।
তিনি বলেন, “আমরা সম্ভবত চলতি মাসের শেষ পর্যন্ত ডিজেলের অন্তত তিনটি চালান এবং পেট্রোলের একটি বা দুটি চালানের জন্য অর্থায়ন করতে পেরেছি, কিন্তু এর বাইরে দেশের জন্য প্রয়োজনীয় পেট্রলের জন্য পর্যাপ্ত বিদেশি মুদ্রা সরবরাহ করতে পারবো কিনা তা নিয়ে প্রচুর অনিশ্চয়তা রয়েছে।
“যদি তা না করা যায় তাহলে গোটা দেশের (কার্যক্রম) বন্ধ হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার মত একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা মন্ত্রিসভা থাকা দরকার। অন্যথায় সবাইকেই ভূগতে হবে।”
পরিস্থিতি মোকাবেলায় একটি বেইলআউট ফান্ডের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বীরাসিংহে।
ঋণ কাঠামোর জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি করতে পারবেন এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, “এটি নির্ভর করছে কত দ্রুত একটি স্থিতিশীল প্রশাসন গঠিত হয় তার উপর।”
স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে এ সংকট থেকে বের হতে শ্রীলঙ্কার ‘তিন, চার বা পাঁচ মাস’ এর মতো লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সম্ভাব্য ‘নতুন প্রেসিডেন্ট হিসেবে’ দেখা হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ‘রাজনৈতিক পদ গ্রহণে’ তার কোনো আগ্রহ নেই বলে জানান বীরাসিংহে।
