ইউক্রেইনের ভিনিৎসিয়ায় রুশ রকেট হামলা, নিহত ২০
ইউক্রেইনে পূর্বাঞ্চলে সম্মুখসারির যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
বৃহস্পতিবার ভিনিৎসিয়া শহরের প্রাণকেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ হামলায় আরও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভিনিৎসিয়া শহরটির অবস্থান ইউক্রেইনের রাজধানী কিইভ থেকে দক্ষিণ-পশ্চিমে এবং দনবাসে লড়াইয়ের প্রাণকেন্দ্র থেকে বহুদূরে।
ক্ষেপণাস্ত্র হামলায় ভিনিৎসিয়া শহরের অফিস ভবন এবং আবাসিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই রুশ হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসী কর্মকান্ড’ আখ্যা দিয়েছেন।
ইউক্রেইনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ বলেছে, ০৭:৫০ জিএমটির দিকে ক্ষেপণাস্ত্রগুলো ৯ তলা অফিস ভবনের গাড়ি পার্কিং এলাকায় আঘাত হানে।
ভিনিৎসিয়ার প্রাণকেন্দ্রের আবাসিক ভবনগুলোও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। এই ভবনগুলোতে প্রায় ৩৭০,০০০ মানুষের বাস।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বরাবরই ইউক্রেইনের বেসামরিক নাগরিকদেরকে হামলার নিশানা করার অভিযোগ অস্বীকার করে আসছে। ভিনিৎসিয়ায় এই হামলার ব্যাপারে তারা এখনও কোনও মন্তব্য করেনি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট বলছেন, কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে।
“হামলায় বেঁচে যাওয়া কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই” বলেই মনে করছেন স্থানীয় জরুরি সেবা বিভাগের এক ঊধ্র্বতন কর্মকর্তা। স্থানীয় টিভিতে এমন কথাই বলেছেন তিনি।
ওদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্যোশাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, “প্রতিদিন রাশিয়া বেসামরিক নাগরিক মারছে, ইউক্রেইনের শিশুদের মারছে।”
“বেসামরিক মানুষজনের আবাসস্থলে ক্ষেপণাস্ত্র হামলা করছে। এসব জায়গায় কোনও সামরিক নিশানা নেই। এটি কী ধরনের আচরণ? এটি কি প্রকাশ্যেই সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়?”
