জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে ৯ প্রার্থী
দলে বিদ্রোহ, একের পর এক মন্ত্রী ও আইনপ্রণেতার পদত্যাগের মধ্যে অনিবার্য পরিণতি মেনে নিয়ে বরিস জনসন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো এবং প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর জমে উঠেছে তার উত্তরসূরি হওয়ার লড়াই।
প্রধানমন্ত্রী পদের জন্য যারা তাকিয়ে আছেন, তাদের জন্য রোববার সকালটা খুব সহজ যায়নি। টোরি (কনজারভেটিভ) দলের নেতৃত্বের দৌড়ে একের পর এক আরও প্রার্থী নাম ঘোষণা করেছেন এবং কেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া উচিত তা নিয়ে প্রাথমিকভাবে যুক্তি তাদেরকে দেখাতে হয়েছে।
বিবিসি জানায়, এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হচ্ছেন, পেনি মর্ডান্ট, সাজিদ জাভিদ, জেরেমি হান্ট, গ্র্যান্ট শ্যাপস, নাদিম জাহাবি, কেমি বাদেনক, সুয়েলা ব্রেভারম্যান, টম তুগেনধাত এবং ঋষি সুনাক।
প্রার্থীদের মধ্যে মতভেদের একমাত্র বড় বিষয় হচ্ছে কর। আর এটিই প্রার্থীদের নেতৃত্বের দৌড়ে এরই মধ্যে তফাত গড়ে দেওয়ার মূল বিষয় হয়ে উঠেছে। সম্ভাবনাময় প্রার্থীরা তাদের নানা পরিকল্পনা ব্যাখ্যা করছেন। কীভাবে তারা উচ্চ মুদ্রাস্ফীতি, বাড়তে থাকা জীবনযাত্রা ব্যয় সামাল দেবেন এবং থমকে থাকা প্রবৃদ্ধি সচল করবেন তার রূপরেখা তুলে ধরছেন।
৫ জনে ৪ জন প্রার্থী গত ২৪ ঘন্টায় প্রতিযোগিতায় নাম ঘোষণা করেছেন। সবশেষে নাম ঘোষণা করেন মর্ডান্ট। জাভিদ, হান্ট, জাহাবি এবং শ্যাপস- এই চারজন কর কমানোর ইচ্ছার কথা জানিয়েছেন।
কিন্তু ঋষি সুনাক মনে করেন এমন ট্যাক্স কমানোর পদক্ষেপ নিতে আরও কিছু সময় অপেক্ষা করা দরকার।
আগামী ২৪ ঘণ্টায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস তার প্রচার শুরু করবেন। এরপর প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের তালিকায় সম্ভাবনাময় আরেক প্রার্থী হিসাবে যোগ হতে পারেন প্রীতি প্যাটেল।
পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির নিয়মবিধি নির্ধারণী ১৯২২ কমিটি সোমবার বিকালে এক বৈঠকের পর প্রতিদ্বন্দ্বিতার সঠিক সময়সূচি নির্ধারণ করবে।
দলের ভেতর তীব্র অনাস্থার জেরে গত বৃহস্পতিবার কনজারভেটিভ দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বরিস জনসন।
এখন নতুন দলীয় প্রধান নির্বাচিত হলে সেই ব্যক্তিই হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। তার আগ পর্যন্ত তত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন জনসন।
