আগে পদত্যাগ, তারপর নেতাদের বাড়ি ছাড়বে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছেন। বিক্ষোভের মুখে উভয়ই পদত্যাগে রাজি হয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা পুরোপুরি আস্বস্ত হতে পারছেন না। তাই গদি না ছাড়া পর্যন্ত তাদের বাসভবন দখলে রাখার পরিকল্পনা করেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভের নেতারা রোববার বিক্ষোভ স্থলে এক সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিক্ষোভকারীদের একাংশের নেতা রুয়ান্থি ডি চিকারা বলেন, ‘‘প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।”
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরেই বিক্ষোভ চলছে। দেশের বর্তমান অবস্থার জন্য তারা সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন। এজন্য সরকার পতনের দাবিতে তারা গত মার্চ মাস থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। মে মাসের শুরুর দিকে বিক্ষোভ জোরালো হয়ে উঠে। বিক্ষোভকারীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন সেই সময়ের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। কিন্তু তাতেও বিক্ষোভকারীরা শান্ত হননি। তারা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন।
শনিবার দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতে গণবিক্ষোভের ডাক দেয়া হয় এবং সারা দেশের মানুষকে সেই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাতে কলম্বো জুড়ে কারফিউ জারি করেও গণমানুষের স্রোত থামানো যায়নি। তারা একজোট হয়ে প্রথমে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং পরে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবন দখল করেন।
বিক্ষোভকারীদের প্রবেশের আগে অবশ্য উভয় নেতাকেই নিরাপদে তাদের বাসভবন থেকে সরিয়ে নেয়া সম্ভব হয়।
বিক্ষোভকারীদের শান্ত করতে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে শনিবার দুপুরেই তার পদত্যাগের ইচ্ছার কথা জানান। কিন্তু বিক্ষোভকারীরা শান্ত তো হয়ইনি বরং তার বাসভবন দখল করে আগুন ধরিয়ে দেয়।
পরে রাতে দেশটির স্পিকার জানান, প্রেসিডেন্ট গোটাবায়া গদি ছাড়তে রাজি হয়েছেন এবং আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন।
