শ্রীলঙ্কা: বেইলআউট আলোচনা ফের শুরুতে সংকট মেটার আশায় আইএমএফ
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার জন্য বেইলআউটের প্যাকেজ নিয়ে ফের আলোচনা শুরু করতে দেশটির রাজনৈতিক অস্থিরতা প্রশমনের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
শনিবার দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারী পুলিশি বাধা টপকে প্রেসিডেন্টে বাসভবনে ঢুকে পড়ে ও পরে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। দ্বীপদেশটির বর্তমান দুর্দশার জন্য বেশিরভাগ নাগরিকই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তাদের ঘনিষ্ঠদের দায়ী করে আসছেন।
জনরোষ থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে শনিবার বিক্ষোভকারীরা ঢুকে পড়ার আগেই প্রাসাদ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান; বুধবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে ঘোষণাও এসেছে। প্রেসিডেন্টের জায়গায় ক্ষমতা যার হাতে যাওয়ার কথা, সেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও ‘পদত্যাগের ইচ্ছার’ কথা জানিয়েছেন। তিনি একটি সর্বদলীয় সরকার গঠনের পক্ষেও সায় দিয়েছেন।
আইএমএফ রাজনৈতিক এই সংকটের সমাধানের অপেক্ষায় আছে বলে তাদের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে কয়েকদিন আগে নিজেই দেশ ‘দেউলিয়া হয়ে গেছে’ বলে মন্তব্য করেছিলেন।
দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। হাতে বৈদেশিক মুদ্রা না থাকায় দেশটির সরকার অতি জরুরি এসব পণ্য আমদানি করতে পারছে না।
ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া এবং তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী বলে মনে করে শ্রীলঙ্কার বেশির ভাগ মানুষ। মহা প্রতাপশালী রাজাপাকসে পরিবারকে ক্ষমতা থেকে সরাতে তাই গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশে।
ব্যাপক বিক্ষোভ, সহিংসতা আর প্রাণহানির মধ্যে গত মে মাসে মাহিন্দা পদত্যাগ করেন। কিন্তু গোটাবায়া ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। প্রধানমন্ত্রী পদে তিনি নিয়ে আসেন পুরনো মিত্র বিক্রমাসিংহেকে।
আইএমএফ এর সাথে ঋণ আলোচনা শুরু হওয়ায় এবং ভারত থেকে কিছু জ্বালানি পাওয়ায় সে সময় উত্তাপ কিছুটা কমলেও জ্বালানি তেলের মজুদ শূন্যে নেমে আসার পর ফের আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে।
আন্দোলনকারীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানী কলম্বোয় গণবিক্ষোভের ডাক দেয়। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ শুক্রবার রাতে রাজধানীতে কারফিউ জারি করলেও জনতার স্রোত ঠেকানো যায়নি।
বিক্ষোভে অংশ নিতে দ্বীপদেশটির বিভিন্ন অংশ থেকে মানুষ গাড়ি, ভ্যান, বাসে, ট্রেনে করে রাজধানীতে ছুটে আসে। পরে বিরোধী দল ও মানবাধিকার গোষ্ঠীগুলোর চাপে শনিবার সকালে পুলিশ ওই কারফিউ তুলে নিলে এক পর্যায়ে কলম্বো পরিণত হয় জনসমুদ্রে।
বিক্ষোভকারীরা পরে জলকামান ও গুলি উপেক্ষা করে দুপুরের দিকে কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটে ব্যারিকেড টপকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।
প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব চালানোর পর রাতে তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়েন এবং আগুন ধরিয়ে দেয়।
পরে দেশটির স্পিকার জানান, গোটাবায়া বুধবার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। অবশ্য প্রেসিডেন্ট বিদায় নিলেও এরপর কার হাতে দায়িত্বভার যাচ্ছে তা নিশ্চিত নয়।
“আইএমএফের পৃষ্ঠপোষকতায় কর্মসূচি নিয়ে আলোচনা ফের শুরু করতে বর্তমান সংকটজনক পরিস্থিতির সমাধান ঘটবে বলে আশা করছি আমরা,” বিবৃতিতে বলেছে আইএমএফ।
