২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চীন বিশাল হুমকি,’ সতর্ক করলেন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের গোয়েন্দাপ্রধানরা

চীনের দিক থেকে হুমকি আসা নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫ এর প্রধান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 12:18 AM

Updated : 14 Jul 2022, 06:59 PM

বিবিসি জানায়, লন্ডনে এমআই-৫-এর সদর দপ্তর টেমস হাউসে প্রথমবারের মতো দুই সংস্থার পরিচালক নজিরবিহীনভাবে একসঙ্গে উপস্থিতি হয়ে এ সতর্কবার্তা দিয়েছেন।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেন, ‘চীন আমাদের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় হুমকি। তারা সাম্প্রতিক নির্বাচনসহ আমাদের রাজনীতিতে নাক গলিয়েছে।”

ওদিকে, যুক্তরাজ্যের এমআই-৫-এর প্রধান কেন ম্যাককালাম বলেন, তার সংস্থা গত তিন বছরে চীনা করমকান্ডের বিরুদ্ধে দ্বিগুণেরও বেশি কাজ করেছে এবং আরও দ্বিগুণ কাজ করবে।

তিনি বলেন, ২০১৮ সালের তুলনায় বর্তমানে চীনা কমিউনিস্ট পার্টির কার্যকলাপ সংশ্লিষ্ট বিষয়ে সাতগুণ বেশি তদন্ত চালাচ্ছে এমআই৫।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এফবিআই- এর পরিচালক সতর্ক করে বলেন, চীন জোর করে তাইওয়ান দখল করলে তা “বিশ্বে ব্যবসায়িক ক্ষেত্রে ভয়াবহ ব্যাঘাত সৃষ্টি করবে, যেরকমটি এযাবৎকালে কখনও দেখা যায়নি।”

চীন দুই দেশের গোয়েন্দাপ্রধানের এমন বক্তব্যের তীব্র বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা চীনের হুমকি তত্ত্ব আরও ফুলিয়ে ফাঁপিয়ে বলার প্রয়াস নিয়েছে।

আর এফবিআই পরিচালকও চীনকে কলঙ্কিত করা এবং চীনে হামলা করার জন্য চীনা হুমকির কথা বলে গেম খেলছেন। একে ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ আখ্যা দিয়ে এফবিআই পরিচালককে কান্ডজ্ঞানহীন মন্তব্য করা বন্ধের আহ্বান জানান ঝাও।