হংকংয়ের ক্ষেত্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ বজায় থাকবে: শি জিনপিং
হংকংয়ের শাসনের ক্ষেত্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি পাল্টানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শুক্রবার হংকংয়ের নতুন নেতা জন লি শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে শি একথা বলেন।
প্রায় আড়াই বছর আগে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এই প্রথম বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রটিতে সফরে গেলেন শি। ঠিক ২৫ বছর আগে যুক্তরাজ্য হংকংকে চীনের কাছে হস্তান্তর করেছিল। হংকংয়ের হস্তান্তরের প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করতে সেখানে শি-য়ের এ সফর।
উপনিবেশ বানিয়ে রাখা হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে ফেরত দেয় ব্রিটেন। ওই সময় অন্তত ২০৪৭ সাল পর্যন্ত হংকংয়ের জন্য বিস্তৃত স্বায়ত্তশাসন, নিরবচ্ছিন্ন ব্যক্তি অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতিশ্রুতি বেইজিং দিয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হংকংয়ে নতুন প্রধান নির্বাহী জন লি। ছবি: রয়টার্স
বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অভিযোগ করেছেন, হংকং ফিরে পাওয়ার সময় বেইজিং যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
চীন ও হংকং এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নগরীটি যেন সমৃদ্ধ হতে পারে তার জন্য ওই নিরাপত্তা আইন এবং তা ‘শৃঙ্খলা পুনরুদ্ধার’ করেছে।
শি বলেছেন, চীনের অধীনে হংকংয়ের ‘এক দেশ, দুই পদ্ধতি’ সফল হয়েছে।
“এ ধরনের ভাল একটি পদ্ধতি থাকায় এটি পাল্টানোর কোনো কারণ নেই। দীর্ঘ সময় ধরে এটা বজায় রাখতে হবে,” বলেছেন তিনি।
শি আরও বলেন, “বাতাস ও বৃষ্টির অভিজ্ঞতা হওয়ার পর সবাই বেদনাদায়কভাবে অনুভব করেছে, হংকং বিশৃঙ্খল হতে পারে না এবং বিশৃঙ্খল হতে দেওয়া উচিত হবে না, হংকংয়ের উন্নয়ন আবার বিলম্বিত করা যাবে না এবং যে কোনো হস্তক্ষেপ নির্মূল করা আবশ্যক।”
ছবি: রয়টার্স
জন লির শপথ অনুষ্ঠানের শি-সহ উপস্থিত সকল কর্মকর্তারা মাস্ক পরে ছিলেন এবং করমর্দন করেননি।
হংকংয়ে বিশ্বের অন্যতম কঠোর কোভিড-১৯ জনিত বিধিনিষেধ জারি আছে। এসব বিধিনিষেধের কারণে বহু বাসিন্দা শহরটি ছেড়ে চলে যাচ্ছেন। এমন পরিস্থিতিতেই নগরীটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিলেন লি। নিরাপত্তা আইন প্রয়োগের কারণে সাবেক এই পুলিশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ওয়াশিংটন।
শুক্রবার ভিক্টোরিরা হারবারের অনুষ্ঠান স্থলকে ঘিরে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়; ওই এলাকার রাস্তাগুলো ও আকাশপথও বন্ধ করে দেওয়া হয়। লাল লণ্ঠন, চীনের ও হংকংয়ের পতাকা এবং ‘নতুন যুগ’ লেখা পোস্টার দিয়ে সারা শহর সাজানো হয়।
ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন অনুষ্ঠানে শি উপস্থিত ছিলেন না। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হংকং যাওয়ার পর রাতে তিনি সীমান্তের অপর পাশে মূলভূখণ্ডের শেনঝেংয়ে অবস্থান করেছেন। এর আগে ২০১৭ সালে নগরীটির বিদায়ী নেতা ক্যারি লামের শপথ অনুষ্ঠানের জন্য হংকংয়ে গিয়েছিলেন শি।
