সাংহাইয়ে নিও সদরদপ্তরের তিন তলা থেকে বৈদ্যুতিক গাড়ি পড়ে নিহত ২
চীনের বৈদ্যুতিক গাড়িনির্মাতা কোম্পানি নিও জানিয়েছে, সাংহাইয়ে সদরদপ্তরের তিন তলা থেকে তাদের একটি গাড়ির নিচে পড়ে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছে।
এদের মধ্যে একজন নিও’রই কর্মী অন্যজন অংশীদার একটি কোম্পানির কর্মী; তারা তিন তলা থেকে পড়ে যাওয়া গাড়িটির ভেতরেই ছিলেন।
বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে গাড়িনির্মাতা কোম্পানিটির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিও জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
“জননিরাপত্তা বিভাগকে সঙ্গে নিয়ে আমাদের কোম্পানি দুর্ঘটনার কারণ বিশ্লেষণ ও তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি যে, এটি ছিল একটি দুর্ঘটনা (গাড়ির কারণে সৃষ্ট নয়)।
“এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা আমাদের সহকর্মী এবং অংশীদার কোম্পানির কর্মী, যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের পরিবারগুলোকে সহায়তা করতে একটি দল গঠন করা হয়েছে,” বিবৃতিতে বলেছে কোম্পানিটি।
সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে নিও প্রথম যে বিবৃতিটি দিয়েছিল, আধঘণ্টার মধ্যেই তার সমালোচনা করে হাজারেরও বেশি মন্তব্য পড়েছিল তাদের পোস্টে। গাড়িনির্মাতা কোম্পানিটি পরে তাদের ওই বিবৃতি সরিয়ে নেয়।
ওই বিবৃতির শেষ লাইনে ছিল দুর্ঘটনার সঙ্গে ‘গাড়িটির কোনো সংশ্লিষ্টতা ছিল না’। এই অংশটুকুই অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে ক্ষেপিয়ে তোলে।
একজন তার মন্তব্য বলেন, “পুঁজিবাদের রক্ত যে শীতল, এটা (বিবৃতি) তাই দেখাচ্ছে।”
আরেকজনের মন্তব্য,“শেষ বাক্যে এত উদাসীনতা। তারা (নিহত) এসেছিলেন গাড়িটি পরীক্ষা করে দেখতে আর আপনারা বলছেন, দুর্ঘটনার সঙ্গে গাড়িটির কোনো সম্পর্ক নেই?”
অন্য এক উইবু ব্যবহারকারী লিখেছেন, “এটা দুর্ঘটনা কিনা, তা জননিরাপত্তা ব্যুরোর নিশ্চিত করা উচিত।”
নিও পরে যে সংশোধিত বিবৃতি দিয়েছে, তাতে তারা গাড়িটির তিন তলা থেকে পড়ে যাওয়াকে ‘দুর্ঘটনা’ লিখলেও সেটি ‘গাড়ির কারণে হয়নি’ কথাটি বন্ধনীর ভেতর রেখে আগের বিবৃতির রুক্ষতা কমানোর চেষ্টা করেছে। নতুন এ বিবৃতির নিচে মন্তব্যকারী প্রায় সবাই শোক জানিয়েছেন।
কয়েকশ কোটি ডলারের মালিক ইলন মাস্কের যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রায়ই নিও’কে চীনের ‘টেসলা কিলার’ নামে ডাকা হয়। সাংহাইতে টেসলারও একটি বড়সড় উৎপাদন কারখানা রয়েছে।
