২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাংহাইয়ে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের একটি বৃহদ পেট্রোকেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত একজন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 03:30 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

শনিবার স্থানীয় সময় ভোররাত প্রায় ৪টার দিকে দেশটির অন্যতম বৃহত্তম পরিশোধনাগার ও পেট্রকেমিক্যাল কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে বিবিসি জানিয়েছে।

আগুনের শিখা বিস্তৃত কারখানা কমপ্লেক্সটির কয়েকটি অংশে ছড়িয়ে পড়েছে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠে যেতে দেখা গেছে।

সাংহাই চীনের অর্থনীতির প্রাণকেন্দ্র। সম্প্রতি এই শহরটি করোনাভাইরাস মহামারীজনিত কঠোর একটি লকডাউন পার করেছে।

রাষ্ট্রায়ত্ত সাইনোপ্যাক সাংহাই পেট্রোকেমিক্যাল কারখানার ইথিলিন গ্লাইকল স্থাপনার অংশে লাগা এই আগুনের কারণ জানা যায়নি। স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) ।

আগুন লাগার পর সাংহাইয়ের দমকল বিভাগ ঘটনাস্থলে ৫০০ কর্মী পাঠায়।   

নগরীর জিংশান এলাকায় অবস্থিত কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির একজন গাড়ি চালক ও একজন কর্মী আহত হয়েছে।

কারখানাটি থেকে ছয় কিলোমিটার দূরে থাকা বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ের আকাশ ধোঁয়ায় কালো হয়ে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ড্রোন ফুটেজে এমনটি দেখা গেছে। 

সাইনোপ্যাক জানিয়েছে, এ অগ্নিকাণ্ডের পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ করে দেখছে তারা এবং ঘটনাস্থলের আশপাশের জলাভূমির পরিবেশের কোনো ক্ষতি রেকর্ড হয়নি।