২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ধোয়া তুলসি পাতা নয়, লজ্জিতও নয়: ল্যাভরভ

“রাশিয়া ধোয়া তুলসি পাতা নয়। রাশিয়া যা সেটাই। আর আমরা কারা তা দেখাতে আমরা লজ্জাও বোধ করি না,” বিবিসি-র সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 12:22 AM

Updated : 14 Jul 2022, 06:26 PM

প্রায় চার মাস আগে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ। ধ্বংসস্তূপ হয়েছে বহু এলাকা। বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখো মানুষ।

যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে এসব খবর আসছে, তৈরি হচ্ছে জাতিসংঘ প্রতিবেদন। তেমনই একটি জাতিসংঘ প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে কিছু প্রশ্নের সম্মুখীন হন ল্যাভরভ।

আর সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি রাশিয়ার স্বরূপ নিয়ে লজ্জিত না হওয়ার কথা বলাসহ জাতিসংঘ পশ্চিমাদের চাপে আছে এবং ইউক্রেইন যুদ্ধ নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেন। যেমনটা মনে হচ্ছে বাস্তবতা আসলে তেমন নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে একটি জাতিসংঘ প্রতিবেদন তুলে ধরেন উপস্থাপক; যাতে বলা আছে, ইউক্রেইনের ইয়াহিদনে গ্রামের ৩৬০ বাসিন্দাকে একটি স্কুলের বেজমেন্টে ২৮ দিন থাকতে বাধ্য করেছিল রুশ বাহিনী। তাদের মধ্যে ৭৪ শিশু ও ৫ জন প্রতিবন্ধী ছিল। সেখানে পানি ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় ১০ জনের মৃত্যু হয়।

ল্যাভরভকে উপস্থাপক প্রশ্ন করেন, “সেটি কি নাৎসিদের বিরুদ্ধে লড়াই ছিল?”

জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি দুঃখজনক ব্যাপার। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারসহ জাতিসংঘ মহাসচিব, অন্যান্য সব প্রতিনিধি এবং আন্তর্জাতিক কূটনীতিকদেরকে চাপ দিচ্ছে পশ্চিমারা। আর প্রায়ই তারা পশ্চিমাদের ছড়ানো ভুয়া খবরগুলো আরও ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে।”

ইউক্রেইন যুদ্ধ নিয়ে ল্যাভরভ বলেন, “আমরা ইউক্রেইন আক্রমণ করিনি। আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি। কারণ, ইউক্রেইনকে নেটোতে টেনে নেওয়াটা যে অপরাধমূলক কাজ, সেটি পশ্চিমাদেরকে বোঝানোর জন্য এছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না।”

ইউক্রেইনে রাশিয়ার হামলা শুরুর পর এ নিয়ে গুটিকয় পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। সাক্ষাৎকারে তিনি ইউক্রেইনে নব্য নাৎসি উপস্থিতি নিয়ে রুশ দাবির পুনরাবৃত্তি করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেইনে নাৎসি রয়েছে।

রাশিয়ার কর্মকর্তারা প্রায়ই দাবি করে আসছেন যে, তাদের সামরিক বাহিনী ইউক্রেইনকে নাৎসিমুক্ত করার কাজ করছে। আর জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল—এমন মন্তব্য করে কিছুদিন আগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন খোদ ল্যাভরভ।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি হওয়ার পরও কেন রাশিয়া দেশটিকে ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে- এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেছিলেন, তাতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে তার নাৎসি যোগ থাকবে না সেটি হলফ করে বলা যায় না।