পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তারা জানিয়েছেন, জেনিন শহরে একটি গাড়ির ভেতর তারা গুলিবিদ্ধ হন ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। এ সময় ওই এলাকায় ‘তীব্র সংঘর্ষ’ চলছিল বলে জানিয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা তিন ফিলিস্তিনির নিহত হওয়ার খবর খতিয়ে দেখছে।
ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক এক বার্তা সংস্থার একজন ফটোগ্রাফার মর্গে তিন তরুণের মৃতদেহ ও অসংখ্য বুলেটবিদ্ধ একটি গাড়ি দেখেছেন।
