২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে খুন করে ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ লেখিকার যাবজ্জীবন

রোমান্টিক প্রবন্ধের লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে তার স্বামীকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের অরেগনের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 12:02 AM

Updated : 25 Jul 2022, 05:03 PM

ন্যান্সি ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ প্রবন্ধটি লিখেছেন এবং ওই প্রবন্ধে তিনি তার অপরাধের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বলেই এখন মনে হচ্ছে।

বিবিসি জানায়, গত মাসে ৭১ বছর বয়সের ক্রাম্পটন ব্রফিকে ‘সেকেন্ড ডিগ্রি’ খুনের অপরাধে দোষীসাব্যস্ত করা হয়েছিল। সোমবার ১২ সদস্যের জুরি বোর্ড তার সাজা ঘোষণা করে।

রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বলেন, ২০১৮ সালে অরিগন কালিনারি ইনস্টিটিউটে স্বামী ড্যান ব্রফিকে (৬৩) গুলি করে হত্যা করেন ন্যান্সি। ওই প্রতিষ্ঠানেই একজন শেফ এবং শিক্ষক ছিলেন ড্যান। কালিনারি ইনস্টিটিউটটি এখন বন্ধ হয়ে গেছে।

স্বামীর জীবনবীমার ১৫ লাখ মার্কিন ডলার পেতে ন্যান্সি তার স্বামীকে খুন করেন বলে আদালতে প্রমাণ হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এটাও প্রমাণ করতে সক্ষম হন যে, খুনের সময় ব্রফি দম্পতি আর্থিক সংকটে ছিলেন এবং ন্যান্সি অবৈধভাবে অনলাইন থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিলেন।

বিবিসি জানায়, নিজেই নিজের প্রবন্ধ প্রকাশ করতেন ন্যান্সি। তার বেশিরভাগ উপন্যাসের মূল উপজীব্য আবেগপূর্ণ প্রেম ও রহস্য। তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে ‘দ্য রং হাজবেন্ড’ এবং ‘দ্য রং লাভার’।

অরিগন অঙ্গরাজ্যের এ খুনের ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আলোড়ন তুলেছিল। তার কারণ, কয়েক বছর আগে অনলাইনে ন্যান্সির ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ শিরোনামে একটি প্রবন্ধ। যদিও তার ওই লেখা হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি। বলা হয়, হত্যাকাণ্ডের বেশ কয়েক বছর আগে তিনি সেটি লিখেছেন।

অনলাইনে এক পোস্টে ন্যান্সি লিখেছিলেন, ‘‘খুন সম্পর্কে আমি যতদূর জানি, যখন যথেষ্ট চাপ দেওয়া হয় তখন আমাদের প্রতেক্যেই একজন খুনি।

‘‘যদি এমন হয় যে, খুন করলে আমি মুক্তি পাব, তবে অবশ্যই আমি কারাগারে আর এক মুহূর্ত কাটাতে চাইবো না।”

তার ওই পোস্টটি অবশ্য পরে মুছে ফেলা হয়।

‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ প্রবন্ধ প্রমাণ হিসেবে উপস্থাপনের অনুমতি পাওয়া না গেলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঠিকই প্রমাণ করতে পেরেছেন ন্যান্সির তার স্বামীকে হত্যার উদ্দেশ ছিল।

২০১৮ সালের জুন মাসে হত্যাকাণ্ডের দিন সিসিটিভি ফুটেজে ন্যান্সিকে একবার ইন্সটিটিউটের দিকে গাড়ি চালিয়ে যেতে এবং একবার সেখান থেকে বের হতে দেখা যায়। আদালতে ওই সিসিটিভি ফুটেজ উপস্থাপন করা হয়।

ইন্সটিটিউটের রান্নাঘরে ন্যান্সির স্বামীর গুলিবিদ্ধ লাশ পড়েছিল। তাকে দুইবার গুলি করা হয়। যদিও পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি। তবে ন্যান্সি যে আগ্নেয়াস্ত্রটি কিনেছিল এবং হত্যাকাণ্ডে যেটি ব্যবহার হয়েছে সেটির উৎপাদক এবং মডেল একছিল।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ন্যান্সি ২৫ বছর সাজা ভোগের পর প্যারোলের আবেদন করতে ‍পারবেন। ন্যান্সির আইনজীবী এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

রায় ঘোষণার পর ড্যান ব্রফির আগের পক্ষের ছেলে নাথানিয়েল স্টিলওয়াটার বলেন, ‘‘আপনি মিথ্যা, প্রবঞ্চনা, চুরি এবং প্রতারণাকে বেছে নিয়েছেন এবং শেষ পর্যন্ত এমন এক ব্যক্তিকে খুন করেছেন যিনি আপনার সবচেয়ে বড় ভক্ত ছিলেন।

‘‘আপনি.. আপনার ক্যাটালগ থেকেই ধার নিয়ে বলছি... দ্য রং ওয়াইফ।”