আরও রুশ সেনা চান বিচ্ছিন্নতাবাদী নেতা পুশিলিন, মস্কোর সাড়া
দনবাসে যুদ্ধ ও ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণের তীব্রতা বেড়েছে জানিয়ে সেখানে আরও রুশ সেনা চেয়েছেন মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিশ পুশিলিন।
সোমবার তিনি অতিরিক্ত রুশ সেনা মোতায়েনের এ আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরে তার আহ্বানে সাড়া দিয়ে ক্রেমলিন বলেছে, ইউক্রেইনে তাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্যই হচ্ছে দোনেৎস্ক ও লুহানস্ককে রক্ষা করা।
এই দুই প্রদেশ একত্রে দনবাস নামে পরিচিত। অঞ্চলটি ইউক্রেইনের মধ্যে থাকলেও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতা ঘোষণা করেছে। ২০১৪ সাল থেকেই প্রদেশদুটির বিস্তৃর্ণ অঞ্চল বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। ইউক্রেইনে সামরিক অভিযান চালানোর প্রাক্কালে মস্কো ওই দুই ভূখণ্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
রাশিয়া এখন দনবাস অঞ্চলকে পুরোপুরিই ইউক্রেইনীয় বাহিনী মুক্ত করার চেষ্টা চালাচ্ছে।
সোমবার দোনেৎস্ক অঞ্চলের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিশ পুশিলিন বলেন, দনবাসে তীব্র যুদ্ধ চলছে এবং সেখানে ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণের মাত্রা বেড়েছে।
“সমস্ত বাহিনী, মিত্ররা, যাদের মধ্যে রাশিয়ান ফেডারেশনের বাহিনীগুলোও আছে, সবাই শত্রুর মোকাবেলায় কাজ করছে,” বলেছেন পুশিলিন।
দোনেৎস্কের এই বিচ্ছিন্নতাবাদী নেতার আহ্বানে পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো সাহায্য করতে প্রস্তুত।
“সাধারণভাবে, ওই দুটি প্রজাতন্ত্রকে (দোনেৎস্ক ও লুহানস্ক) সুরক্ষা দেওয়াই বিশেষ সামরিক অভিযানের প্রধান লক্ষ্য,” পেসকভ এমনটাই বলেন বলে জানিয়েছে আরআইএ।
রুশ এ রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি এর আগে সোমবার দনবাসে ইউক্রেইনীয় বাহিনীর গোলায় এক শিশুসহ পাঁচ বেসামরিকের মৃত্যুর খবর দেয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: রয়টার্স
মস্কো ইউক্রেইনে তার পদক্ষেপকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে, যার লক্ষ্য হচ্ছে ইউক্রেইনকে নিরস্ত্র ও ‘ফ্যাসিস্টমুক্ত’ করা।
অন্যদিকে ইউক্রেইন ও তার মিত্ররা বলছে, ইউক্রেইনে ‘ফ্যাসিস্ট’ আছে বলে রাশিয়া যে অভিযোগ করছে, তা ভিত্তিহীন এবং কোনো ধরনের উসকানি ছাড়াই মস্কো দেশটিতে আগ্রাসন চালাচ্ছে।
