নতুন পরমাণু অস্ত্র তৈরিতে ‘ব্যাপক অগ্রগতি' দাবি চীনের
নতুন পরমাণু অস্ত্র তৈরিতে ‘ব্যাপক অগ্রগতি’ অর্জনের দাবি করেছে চীন। তবে বলেছে, আত্মরক্ষার জন্য তারা ওই অস্ত্র তৈরি করছে এবং কখনোই প্রথমে সেটি ব্যবহার করবে না।
রোববার সিঙ্গাপুরে ‘শাংরি-লা ডায়ালগ’ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফ্যাং এ দাবি করেন। দেশের পূর্বাঞ্চলে ১০০টির বেশি নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সাইলো (ভূগর্ভস্থ অস্ত্রাগার) নির্মাণ করছে চীন।
গত বছর একাধিক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে ফ্যাং বলেন, ‘‘আমাদের দেশের সুরক্ষার জন্য পারমাণবিক সামর্থ্য অর্জনে চীন সব সময় সঠিক পথই অনুসরণ করে আসছে।”
বেইজিংয়ে ২০১৯ সালের সামরিক কুচকাওয়াজে চীন যে পরমাণু অস্ত্রের প্রদর্শন করেছিল সেটির আরও সফল উৎক্ষেপণের জন্য চীন তাদের ডিএফ-১৪ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে বলেও জানান ফ্যাং।
তিনি বলেন, সেসব পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত আছে এবং সেগুলো মোতায়েন করে রাখা হয়েছে। “পাঁচ দশকের বেশি সময় ধরে চীন নিজেদের সামর্থ্য বাড়াচ্ছে। বরং যৌক্তিক হবে এটা বলা যে, চীন এই খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।”
“পরমাণু অস্ত্রের বিষয়ে চীনের নীতি এখনও একই আছে। আমরা আত্মরক্ষার জন্য এটিকে কাজে লাগাব। আমরা প্রথমে পারমাণু অস্ত্র ব্যবহার করব না।”
চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ে তোলার মূললক্ষ্য পরমাণু যুদ্ধ প্রতিরোধ করা বলেও দাবি করেন এই মন্ত্রী। তিনি বলেন, ‘‘চীনের জনগণের কঠোর পরিশ্রমের সুরক্ষা এবং আমাদের জনগণকে পরমাণু যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা করতেই আমরা আমাদের পারমাণবিক সামর্থ্য বাড়িয়েছি।”
চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করা নিয়ে গত বছর উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র।
