ইউক্রেইনে পশ্চিমাদের দেওয়া অস্ত্রগুদাম ধ্বংস: রাশিয়া
ইউক্রেইনে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বাহিনী পশ্চিম ইউক্রেইনের তেরনোপিল অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংস করেছে।
রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা বলেছে।
তেরনোপিল অঞ্চলের গভর্নর বলেছেন, কৃষ্ণ সাগর থেকে চর্তকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিক ধ্বংস হয়েছে। এতে ২২ জন আহত হয়েছে।
তবে হামলার সময়ে ওই স্থাপনায় কোনও অস্ত্র মজুদ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। রয়টার্স নিরপেক্ষভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
মস্কো বারবারই ইউক্রেইনকে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে দোষারোপ করে এসেছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুর দিকে পশ্চিমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেইনকে দূর-পাল্লার অস্ত্র সরবরাহ করলে রাশিয়া নতুন নতুন সব নিশানায় হামলা শুরু করবে।
তবে রাশিয়ার হুমকি উপেক্ষা করে সাম্প্রতিক দিনগুলোতে ফের পশ্চিমাদের কাছে ভারি অস্ত্র সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের নেতারা। বিশেষ করে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ সেনাদের প্রতিহত করতে পশ্চিমাদের কাছে দূর পাল্লার রকেট সিস্টেম চেয়েছে ইউক্রেইন।
অঞ্চলটিতে দফায় দফায় রাশিয়ার গোলা হামলার মুখে আছে ইউক্রেইনীয় সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার দাবি করেছে, রুশ বাহিনী দোনেৎস্ক ও খারকিভের কাছে ইউক্রেইনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী মাইকোলাইভ অঞ্চলে দুটি মিগ-২৯ এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
ইউক্রেইনকে নিরস্ত্র ও ‘নাৎসিমুক্ত’ করতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রতিবেশী দেশটিতে অভিযানে নামা রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ‘দনবাস মুক্ত করার’ দিকে বেশি মনোযোগী হয়েছে।
লুহানস্ক আর দোনেৎস্ক প্রদেশ মিলেই দনবাস; ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সময় রাশিয়া যেসব লক্ষ্য ঠিক করেছিল, তার একটি ছিল দনবাস থেকে ইউক্রেইনীয় বাহিনীকে হটিয়ে সেখানে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
