২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বিধ্বস্ত হেলিকপ্টারের ৭ আরোহীর মৃতদেহ মিলল

ইতালিতে বিধ্বস্ত হেলিকপ্টারের ৭ আরোহীর সবার মৃতদেহ উদ্ধারকর্মীরা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 03:43 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

বৃহস্পতিবার ওই হেলিকপ্টারটি রাডারের পর্দা থেকে হারিয়ে গিয়েছিল; তারও দুইদিন পর শনিবার ৭ আরোহীর মৃতদেহ মেলে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুসকানির লুকা থেকে উত্তরাঞ্চলীয় শহর ত্রেভিসোতে যাওয়ার পথে কপ্টারটি প্রত্যন্ত এক এলাকায় বাজে আবহাওয়ার খপ্পরে পড়েছিল।

“উদ্ধাকর্মীরা হেলিকপ্টারের ৭ আরোহী মৃতদেহ খুঁজে পেয়েছেন; এদের মধ্যে ৪ জন তুরস্কের, দুইজন লেবাননের নাগরিক। এরা ব্যবসায়িক সফরে ইতালি এসেছিলেন। ইতালীয় পাইলটের মরদেহও মিলেছে,” বিবৃতিতে বলেছে মোদেনা শহরের মুখ্য কর্মকর্তার কার্যালয়। 

বিধ্বস্ত হেলিকপ্টারটি তুসকানি ও এমিলিয়া রোমানা অঞ্চলের সীমানার মধ্যে পাওয়া গেছে বলে একই বিবৃতিতে জানানো হয়েছে। 

তদন্তের অংশ হিসেবে কৌঁসুলিরা ওই এলাকাটি ঘিরে রেখেছেন।